Binnaguri: খাবারের সঙ্গেই মিশিয়ে দেওয়া হচ্ছে, সেনা ছাউনির ভিতরে ওষুধে সাড়া দিচ্ছে সে

Binnaguri Injured Elephant: প্রাথমিক পর্যায়ে চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছিল না হাতিটি। খাবারের সঙ্গে ওষুধ দেওয়া হলেও তা মুখে তুলছিল না সে। এরপর বন দফতরের তরফে ট্র্যাঙ্কুলাইজার গানের মাধ্যমে হাতিটিকে ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী পাঁচ দিন ধরে হাতিটিকে কড়া পর্যবেক্ষণে (মনিটরিং) রাখা হয়।

Binnaguri: খাবারের সঙ্গেই মিশিয়ে দেওয়া হচ্ছে, সেনা ছাউনির ভিতরে ওষুধে সাড়া দিচ্ছে সে
অসুস্থ হাতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 15, 2026 | 9:36 PM

জলপাইগুড়ি: দীর্ঘ কয়েকদিনের উদ্বেগ কাটিয়ে অবশেষে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছে বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতরে আশ্রয় নেওয়া আহত হাতিটি। বন দফতর সূত্রে খবর, হাতিটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং রবিবার সে নিজে থেকেই এগিয়ে এসে খাবারের সঙ্গে মেশানো ওষুধ খেয়েছে। হাতিটির এই ইতিবাচক আচরণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চিকিৎসার সঙ্গে যুক্ত বনকর্মী ও পরিবেশপ্রেমীরা।

ঘটনার সূত্রপাত গত ১১ নভেম্বর। ওই দিন বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতরে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান সেনা জওয়ানরা। দেখা যায়, হাতিটির সামনের বাঁ পায়ে একাধিক জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে এবং তাতে পচন ধরেছে। এমনকি পায়ের ক্ষতস্থান থেকে ম্যাগট বা পোকাও বেরিয়ে আসছিল। বিষয়টি নজরে আসতেই সেনাবাহিনীর তরফে বন দফতর ও পরিবেশপ্রেমীদের খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের আধিকারিক, জলপাইগুড়ি জেলা বন আধিকারিক এবং পরিবেশপ্রেমীরা।

প্রাথমিক পর্যায়ে চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছিল না হাতিটি। খাবারের সঙ্গে ওষুধ দেওয়া হলেও তা মুখে তুলছিল না সে। এরপর বন দফতরের তরফে ট্র্যাঙ্কুলাইজার গানের মাধ্যমে হাতিটিকে ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী পাঁচ দিন ধরে হাতিটিকে কড়া পর্যবেক্ষণে (মনিটরিং) রাখা হয়। বন দফতর জানিয়েছে, টানা চিকিৎসার ফলে ধীরে ধীরে স্বাভাবিক আচরণে ফিরতে শুরু করে সে।

অবশেষে রবিবার চিকিৎসক ও বনকর্মীদের দল হাতিটির কাছে গেলে দেখা যায়, সে নিজে থেকেই এগিয়ে এসে ওষুধ মেশানো খাবার খাচ্ছে। পাশাপাশি, ওষুধের প্রভাবে পায়ের গভীর ক্ষতস্থান থেকে ম্যাগট বা পোকা বেরিয়ে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।

বর্তমানে বিন্নাগুড়ি সেনা ছাউনির একটি নির্দিষ্ট এলাকাতেই ঘোরাফেরা করছে হাতিটি। তার শারীরিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। হাতিটি নিজে থেকে খাবার ও ওষুধ গ্রহণ করায় দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রবল আশা দেখছেন বন দফতরের আধিকারিক ও পশুপ্রেমীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us