
মালবাজার: দীর্ঘ কয়েকদিন ধরে চলা চিতাবাঘের আতঙ্কে অবশেষে কিছুটা স্বস্তি ফিরল মাল ব্লকের ডেমকা ঝোড়া সরদারপাড়া ও গুয়াবাড়ি এলাকায়। বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে একটি চিতাবাঘ। তবে একটি ধরা পড়লেও এলাকায় আরও চিতাবাঘ থাকার আশঙ্কায় পুরোপুরি উদ্বেগমুক্ত হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকার লোকালয়ে ঢুকে উপদ্রব চালাচ্ছিল চিতাবাঘ। কখনও গোয়ালঘরে ঢুকে, আবার কখনও গৃহস্থের গরু-ছাগল শিকার করে আতঙ্ক ছড়াচ্ছিল বন্যপ্রাণীটি। পরিস্থিতি সামাল দিতে প্রায় এক সপ্তাহ আগে এলাকায় খাঁচা পাতে বন দফতর। খাঁচার ভিতরে টোপ হিসেবে একটি বাছুর রাখা হয়েছিল। অবশেষে বাছুরটির ওপর হামলা চালাতে গিয়ে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি।
এর আগেও ডেমকা ঝোড়া এলাকায় গোয়ালঘর থেকে গরু টেনে নিয়ে যেতে দেখা গিয়েছিল একটি চিতাবাঘকে। তবে স্থানীয়দের দাবি, বর্তমানে ধরা পড়া চিতাবাঘটি আগেরটির থেকে আলাদা। অর্থাৎ, এলাকায় একাধিক চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে বলে তাঁদের অনুমান। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। এলাকায় আরও চিতাবাঘ রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বন দফতরের কাছে দাবি জানিয়েছেন বাসিন্দারা।