
ধূপগুড়ি: ধূপগুড়ির আকাশে রহস্যময় আলোর মিছিল! কখনও জটলা, কখনও রেলগাড়ির মতো লম্বা সারি। মিটমিটে আলো ঘিরে চাঞ্চল্য। বাড়ল কৌতূহল ও নানা জল্পনা। রাতের আকাশে একসঙ্গে মিটমিট করে জ্বলছে প্রায় ২৫ থেকে ২৬টি আলো। কখনও এক জায়গায় জড় হচ্ছে, আবার কখনও লম্বা সারি তৈরি করে এগিয়ে চলেছে রেলগাড়ির মতো। এমনই রহস্যময় আলোর দৃশ্য ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের ধূপগুড়িতে।
শুক্রবার গভীর রাতে আচমকা আকাশে এমন দৃশ্য দেখতে পেয়ে কৌতূহলী হয়ে ওঠেন সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমে যায়। কেউ মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার ভিডিয়োবন্দি করেন গোটা দৃশ্য। আকাশে আলোর এই অদ্ভুত গতিবিধি দেখে শুরু হয় নানা ধরনের জল্পনা। কারও অনুমান, এটি উল্কাপাতের দৃশ্য। কেউ আবার মনে করছেন, কোনও স্যাটেলাইটের আলো হতে পারে। আবার কয়েকজনের ধারণা, বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠান থেকে ওড়ানো আলোকিত বেলুনও হতে পারে এই আলোগুলি। তবে ঠিক কী কারণে আকাশে একসঙ্গে এতগুলি আলো দেখা গেল, তা এখনও স্পষ্ট নয়।
ডুয়ার্সের এই সীমান্তবর্তী এলাকায় রাতের আকাশে এমন অস্বাভাবিক দৃশ্য দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। একদিকে ভুটান, অন্যদিকে বাংলাদেশ এবং কিছুটা দূরে শিলিগুড়ি সংলগ্ন উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকা থাকায় অনেকে বিষয়টি নিয়ে নানা আশঙ্কা ও আলোচনা শুরু করেছেন। যদিও আলোর উৎস সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য এখনও সামনে আসেনি।
যাঁরা এই দৃশ্য দেখেছেন, তাঁদের অনেকেই মোবাইল ক্যামেরায় ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবি ও ভিডিও ঘিরেও শুরু হয়েছে জোর চর্চা। মুহূর্তের মধ্যে ধূপগুড়ি ছাড়িয়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই রহস্যময় আলোর খবর। তবে আকাশে দেখা যাওয়া সেই ২৫-২৬টি আলো আসলে কী ছিল, তার উত্তর এখনও অধরা। রহস্যের সমাধান না হওয়ায় কৌতূহল ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।