Swapna Barman: ভোটে দাঁড়াতে পারবেন স্বপ্না বর্মণ? আদালতে ছুটলেন তৃণমূল প্রার্থী

West Bengal assembly election: রেলের পক্ষ থেকে বলা হয়, স্বপ্না বর্মণের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। সেই কারণে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি। কিন্তু স্বপ্না বর্মণ যদি তাঁর দোষ স্বীকার করেন এবং রেলের কাছে অবসরকালীন কোনও সুযোগ সুবিধা না চান, তাহলে রেল তাঁকে ছাড়পত্র দেবে।

Swapna Barman: ভোটে দাঁড়াতে পারবেন স্বপ্না বর্মণ? আদালতে ছুটলেন তৃণমূল প্রার্থী
আদালতের দ্বারস্থ তৃণমূল প্রার্থী স্বপ্ন বর্মণImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 25, 2026 | 8:27 AM

জলপাইগুড়ি: তৃণমূলের প্রার্থী তিনি। জলপাইগুড়ির রাজগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু, মনোনয়ন জমা দেওয়ার আগেই বিপাকে প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মণ। রেলের চাকরি থেকে তিনি ইস্তফা দিলেও সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী। তাঁর ইস্তফাপত্র যাতে রেল গ্রহণ করে, সেই আবেদন জানালেন।

রেল কেন স্বপ্নার ইস্তফাপত্র গ্রহণ করেনি?

প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মণ রেলে চাকরি করেন। গত ১৬ মার্চ সেই চাকরি থেকে ইস্তফা দেন তিনি। কিন্তু, তাঁর সেই ইস্তফাপত্র রেল গ্রহণ করেনি। এর কারণ কী? রেলের বক্তব্য, রেলওয়ের কর্মচারী হিসেবে কোনও রাজনৈতিক দলের সদস্য হওয়া, সভায় যোগ দেওয়া কিংবা দলের পক্ষে প্রচার চালানো যায় না। সেখানে রেলের চাকরি থেকে ইস্তফা না দিয়ে গত ২৭ ফেব্রুয়ারি তৃণমূলে যোগদান করেন স্বপ্না বর্মণ। চাকরি থেকে ইস্তফা না দিয়ে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে গত ৯ মার্চ তদন্ত শুরু করে রেল দফতর। এরপর গত ১৬ মার্চ তিনি ইস্তফা দেন। কিন্তু তাঁর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল তদন্ত চলায় রেল সেই ইস্তফা গ্রহণ করেনি।

রেল তাঁর ইস্তফাপত্র গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন স্বপ্না। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে সেই আবেদনের শুনানি হয়। শুনানিতে রেলের পক্ষ থেকে বলা হয়, স্বপ্না বর্মণের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। সেই কারণে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি। কিন্তু স্বপ্না বর্মণ যদি তাঁর দোষ স্বীকার করেন এবং রেলের কাছে অবসরকালীন কোনও সুযোগ সুবিধা না চান, তাহলে রেল তাঁকে ছাড়পত্র দেবে।

ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার বলেন, আদালতের নির্দেশ দিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে এই নিয়ে বিস্তারিত জানাতে হবে স্বপ্না বর্মণকে। কিন্তু তিনি তা জানিয়েছেন কি না, তা তাঁর জানা নেই। স্বপ্না বর্মণ গতকাল আদালতে এলেও কোনও মন্তব্য করেননি। এই মামলার পপরবর্তী শুনানি ২৭ মার্চ (শুক্রবার)। এখন দেখার, রেল স্বপ্না বর্মণের ইস্তফা গ্রহণ করে কি না। সবমিলিয়ে স্বপ্না বর্মণের ভোটে দাঁড়ানো নিয়ে জটিলতা জারি রইল।  

Follow Us