Dhupguri: ত্রাণ নিয়ে ঢুকতেই ব্যাপক বিক্ষোভ, তৃণমূল নেতাদের ঘিরলেন গ্রামবাসী

Jalpaiguri: এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ধূপগুড়ি গ্রামীণ ব্লকের আইএনটিটিইউসি সভাপতি তথা ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তৃণমূল নেতা বীরেন রায় এবং পঞ্চায়েত সদস্য রবি রাভা। তাঁদের সঙ্গে ছিলেন বিডিও দফতরের আধিকারিকরাও। সেখানেই ত্রাণ বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের।

Dhupguri: ত্রাণ নিয়ে ঢুকতেই ব্যাপক বিক্ষোভ, তৃণমূল নেতাদের ঘিরলেন গ্রামবাসী
ধূপগুড়িতে বিক্ষোভ Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 14, 2026 | 4:27 PM

ধূপগুড়ি: ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ। ঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা ও প্রশাসনের আধিকারিকরা। ধূপগুড়ি ব্লকের ঝাড়া আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫/৬৮ পার্টে তৃণমূল নেতাদের ঘেরা বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ধূপগুড়ি ও বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।

গত কয়েকদিনের প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধূপগুড়ি ও বানারহাট ব্লকের বিভিন্ন গ্রামে। বহু বাড়িঘর ভেঙে পড়েছে, গাছ উপড়ে গেছে, ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বহু পরিবার এখনও গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন অনেকে। এও অভিযোগ করছেন, এখনও পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পাননি তাঁরা।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ধূপগুড়ি গ্রামীণ ব্লকের আইএনটিটিইউসি সভাপতি তথা ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তৃণমূল নেতা বীরেন রায় এবং পঞ্চায়েত সদস্য রবি রাভা। তাঁদের সঙ্গে ছিলেন বিডিও দফতরের আধিকারিকরাও। সেখানেই ত্রাণ বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের।

স্থানীয়দের অভিযোগ, ত্রাণ বিতরণের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং বিজেপি সমর্থক হিসেবে চিহ্নিত কিছু পরিবারকে ত্রাণ না দেওয়ার কথা বলা হয়েছে। এই অভিযোগ ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অভিযোগ, বিক্ষুব্ধ জনতা বিডিও দফতরের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেন। পাশাপাশি তৃণমূল নেতা বীরেন রায়কে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি রাভা বীরেন রায়কে নিজের বাইকে করে সেখান থেকে সরিয়ে নিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির মুখপাত্র প্রদীপ সরকার বলেন, “প্রাকৃতিক বিপর্যয়ের মতো কঠিন পরিস্থিতিতেও ত্রাণ বিতরণে রাজনৈতিক রং দেখা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, ত্রাণ নিয়ে কোনও রাজনীতি হচ্ছে না। প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন এবং পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত মানুষই ত্রাণ পাবেন।”

Follow Us