
ডুয়ার্স: লোহার বেড়ার সিঁধ কেটে এবার কোন পথে বাঘিনি? বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ (Manoj Kumar Oraon) আগেই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, ফের অসমের দিকেই চলে যেতে পারে বাঘিনি। সম্প্রতি যা আপডেট, তাতে সেই পথেই এগোচ্ছে বাঘিনি। জানা গিয়েছে, কুমারগ্রামের উত্তরদিকে পানবাড়ি এলাকায় বর্তমানে অবস্থান করছে সে। এনক্লোজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই এলাকায় রয়েছে বনবস্তি। এরপরেই রয়েছে সঙ্কোষ নদী। আগে এই পথেই অসমের রায়মোনা জঙ্গলে গিয়েছিল ওই বাঘিনি।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পানবাড়ি থেকে সঙ্কোষ নদীর দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এই নদী পেরোলেই অসমের রায়মানা জঙ্গল। এর আগে এই পথ ধরেই অসমের জঙ্গলে চলে গিয়েছিল বাঘিনী। ফলে এবারও সে সঙ্কোষ পেরিয়ে রায়মানার জঙ্গলে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে একদিকে যেমন বাঘিনির গতিবিধির উপর নজরদারি বাড়ানো হয়েছে, তেমনই স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বাঘিনির গতিবিধির উপর নজর রাখতে এলাকায় ইতিমধ্যেই বন দফতরের তৎপরতা বেড়েছে। তিনটি কুনকি হাতি নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি শতাধিক বনকর্মীকে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। বাঘিনিকে চিহ্নিত করা এবং তার গতিবিধির উপর নজর রাখাই এখন বন দফতরের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে এখন বন দফতরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাঘিনির গতিপথ নির্ধারণ, বনবস্তির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনও সংঘাত ছাড়াই তাকে নিয়ন্ত্রণে আনা।
কেন পালাচ্ছে? মনে করা হচ্ছে পুরুষ সঙ্গীর খোঁজেই পালিয়ে যেতে পারেন বাঘিনি। সাধারণত পুরুষ বাঘ নিজের এলাকা চিহ্নিত করার জন্য প্রস্রাব করে। এই প্রস্রাবের মধ্যে ফেরোমন নামে এক রাসায়নিক থাকে। আর এই রাসায়নিকের গন্ধের মাধ্যমেই একটা বাঘ অন্য বাঘের উপস্থিতি বুঝতে পারে। সেই গন্ধই কি পাচ্ছে বাঘিনি? স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, রায়মানা জঙ্গল এলাকায় একাধিক বাঘের উপস্থিতি রয়েছে বলে মনে করা হচ্ছে। তাহলে কি প্রেমের খোঁজেই ফের রায়মোনাতে বাঘিনি? ভাবাচ্ছে বন দফতরকেও।
বনমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, বাঘিনি বর্তমানে একটি নির্দিষ্ট পথ ধরে চলছে। যে এলাকায় তাকে ছাড়া হয়েছিল, সেখান থেকে এখনও পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যেই রয়েছে সে। তবে উদ্বেগের বিষয় হল, এই পথ ধরেই এর আগে অসমে চলে গিয়েছিল বাঘিনি। বলেন, “NTCA-র অনুমতি নিয়ে আমরা কাজ করছি। চেষ্টা করব, বাঘিনী যাতে সংকোষ নদী পেরিয়ে না যায়। তবে খুব বেশি আর আটকে রাখার বিষয় নেই। বাঘিনি একটি নির্দিষ্ট পথে চলছে। এবার তাকে ফিরিয়ে আনার জন্য আর ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হবে না।”