Jalpaiguri: ক্ষমা চেয়ে মাটিতে মাথা ঠেকালেন তৃণমূল নেতা, তারপর বললেন…

TMC Leader Apology: বিষয়টি নিয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সহ-সভাপতি প্রসেনজিৎ সরকার বলেন, "উনি ভুল স্বীকার করেছেন। বলেছেন, এরকম আর ভুল করবেন না। উনি নিজেই যেহেতু ভুল স্বীকার করে জানিয়েছেন যে এমন আর হবে না, তাই আমরা তাঁকে মাফ করে দিয়েছি।"

Jalpaiguri: ক্ষমা চেয়ে মাটিতে মাথা ঠেকালেন তৃণমূল নেতা, তারপর বললেন...
ভুল স্বীকার তৃণমূল নেতারImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 17, 2026 | 8:26 AM

ধূপগুড়ি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ। জনরোষের মুখে প্রকাশ্য সভায় ক্ষমা চাইলেন তৃণমূল নেতা। বিজেপি কর্মীদের প্রণাম করে তাঁর ভুল স্বীকারের ভিডিয়ো ভাইরাল হল। ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ির। তৃণমূল নেতার বক্তব্য, তিনি স্বেচ্ছায় নিজের ভুল স্বীকার করেছেন। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ করা হবে না বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বও।

তৃণমূল ওই নেতার নাম জগবন্ধু রায়। ধূপগুড়ির খট্টিমারিতে একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা। তাঁকেই প্রকাশ্য সভায় করজোড়ে ক্ষমা চাইতে এবং প্রণাম করতে দেখা গেল। অভিযোগ, নির্বাচনের ফলাফল ঘোষণার আগে ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই তৃণমূল নেতা নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করেন। সেই পোস্ট ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। তবে বিষয়টি নিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে কোনও পদক্ষেপ করেনি বিজেপি। রাজ্য সরকারের ক্ষমতা বদল হতেই বিজেপির পক্ষ থেকে আপত্তি জানিয়ে পোস্ট মুছে ফেলা ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করা হয়।

মঙ্গলবার খট্টিমারি স্কুল চৌপতি এলাকায় একটি বৈঠকে জগবন্ধু রায় নিজের পোস্টের জন্য দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আশ্বাস দেন। উপস্থিত সাধারণ মানুষের সামনে তিনি করজোড়ে ক্ষমা চান এবং প্রণাম করেন। ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কী বলছেন জগবন্ধু রায়?

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও গোটা বিষয়টি শান্তিপূর্ণভাবেই মীমাংসা হয়েছে বলে দাবি উভয় পক্ষের। ক্ষমা চাওয়া নিয়ে জগবন্ধু রায় বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছিলাম। এখানে আমাকে জোরপূর্বক কেউ নিয়ে আসেনি। স্বেচ্ছায় এসেছি। দ্বিতীয়দিন এরকম আর ভুল হবে না।”

কী বলছে বিজেপি?

বিষয়টি নিয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সহ-সভাপতি প্রসেনজিৎ সরকার বলেন, “উনি ভুল স্বীকার করেছেন। বলেছেন, এরকম আর ভুল করবেন না। উনি নিজেই যেহেতু ভুল স্বীকার করে জানিয়েছেন যে এমন আর হবে না, তাই আমরা তাঁকে মাফ করে দিয়েছি।”

Follow Us