Police vs TMC leader: ‘দেখে নেব, আমি হাইকোর্টের পিপি’, IC-র সঙ্গে তুমুল বাকবিতণ্ডা তৃণমূল নেতার

West Bengal assembly election 2026: ভোটগ্রহণ চলাকালীন জলপাইগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি মৌমন চক্রবর্তী। সেইসময় সেখানে ছিলেন তৃণমূলের জেলা কমিটির সদস্য তথা আইনজীবী অভিজিৎ সিনহা। তৃণমূল নেতাকে সেখান থেকে সরে যেতে বলেন আইসি। তা নিয়েই তাঁদের মধ্যে বচসা বাধে। মেজাজ হারিয়ে পুলিশ অফিসারকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা।

Police vs TMC leader: দেখে নেব, আমি হাইকোর্টের পিপি, IC-র সঙ্গে তুমুল বাকবিতণ্ডা তৃণমূল নেতার
তৃণমূল নেতা ও আইসির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 24, 2026 | 7:43 PM

জলপাইগুড়ি: তৃণমূল নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবীর সঙ্গে পুলিশ অফিসারের উত্তপ্ত বাক্যবিনিময়। পুলিশ অফিসারকে দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূল নেতা। জবাব দেন পুলিশ অফিসারও। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ঘটনাটি জলপাইগুড়ি। ভাইরাল এই ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোরও বাড়ছে।

তৃণমূল নেতার সঙ্গে পুলিশ অফিসারের উত্তপ্ত বাক্যবিনিময় কেন হল?

বৃহস্পতিবার বাংলায় প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। প্রথম দফাতে ভোট হয় জলপাইগুড়িতেও। ভোটগ্রহণ চলাকালীন জলপাইগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি মৌমন চক্রবর্তী। সেইসময় সেখানে ছিলেন তৃণমূলের জেলা কমিটির সদস্য তথা আইনজীবী অভিজিৎ সিনহা। তৃণমূল নেতাকে সেখান থেকে সরে যেতে বলেন আইসি। তা নিয়েই তাঁদের মধ্যে বচসা বাধে। মেজাজ হারিয়ে পুলিশ অফিসারকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা।

ভাইরাল ভিডিয়োয় কী দেখা গেল?

আইসি: কী সমস্যা হচ্ছে? (তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে)

তৃণমূল নেতা: কী সমস্যা হচ্ছে মানে?

আইসি: (সামনের দিকে হাত দেখিয়ে) যান না এখান থেকে। এখানে কী রয়েছে আপনার? এখান থেকে আসুন। ভালো ভাষায় বললে বুঝবেন না?

তৃণমূল নেতা ঘুরে তাকান আইসির দিকে।

আইসি: দেখে নিন ভালো করে। দেখে নিয়েছেন। এবার যান।

তৃণমূল নেতা: আমি হাইকোর্টের পিপি (সরকারি কৌঁসুলি)। ভুলে যাবেন না।

আইসি: চলুন। চলুন। (তৃণমূল নেতা এগিয়ে যাচ্ছেন। পিছনেই আইসি)

তৃণমূল নেতা: দেখে নেব আপনাকে। আমি হাইকোর্টের পিপি কিন্তু।

আইসি: (হাত দিয়ে তৃণমূল নেতাকে ঠেলে) কী করবেন? কী করবেন?

তৃণমূল নেতা: থ্রেট করছেন কেন?

আইসি: কে কাকে থ্রেট করছে?

তৃণমূল নেতা: আপনি থ্রেট করছেন।

আইসি: আপনি আইন ভাঙবেন। আর থ্রেট করা হচ্ছে?

তৃণমূল নেতা: আপনি তো থ্রেট দিয়ে বের করে দিচ্ছেন।

আইসি: থ্রেট করছি বেশ করছি। এবার আসুন।

পাশ থেকে অন্য এক পুলিশকর্মী তৃণমূল নেতাকে বলেন, “দেখে নিচ্ছি বলে থ্রেট তো আপনি করছেন।” ধীরে ধীরে সেখান থেকে চলে যান আইনজীবী তথা তৃণমূল নেতা।

Follow Us