
ঝাড়গ্রাম: মাঝে আর একদিন। তারপরই প্রথম দফার নির্বাচন। আর প্রথম দফাতে ঝাড়গ্রামেও ভোট রয়েছে। সেই ভোটগ্রহণের আগে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের একটি অডিয়ো ঘিরে বিতর্ক। সোমবার অডিয়োটি সামনে আনে তৃণমূল কংগ্রেস। তারপরই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী। ভোটগ্রহণের আগে তৃণমূল ভুয়ো অডিয়ো ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।
গতকাল ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ওই অডিয়ো ক্লিপ প্রকাশ করা হয়। ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী সেই সাংবাদিক বৈঠকে ছিলেন। সেখানে একটি অডিয়ো শোনানো হয়। তৃণমূলের দাবি, অডিয়োটি বিজেপি প্রার্থীর। ওই অডিয়োতে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে আপত্তিকর কথোপকথনের দাবি করা হয়েছে। অডিয়োটি প্রকাশ্যে আসার পরই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অডিয়োটি ছড়িয়ে পড়ে। যা নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
কী পদক্ষেপ করলেন বিজেপি প্রার্থী?
অডিয়োটি ভাইরাল হতেই মঙ্গলবার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তাঁর অভিযোগ, “প্রধানমন্ত্রীর সভায় বিপুল জনসমাগম দেখে তৃণমূল হতাশ হয়ে পড়েছে। সেই কারণেই আইপ্যাকের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে এই অডিয়ো তৈরি করে আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।” লক্ষীকান্ত সাউ আরও জানান, এই ঘটনার বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন। অন্যদিকে, ভোটের মুখে এই ধরনের বিতর্কিত অডিয়ো সামনে আসায় রাজনৈতিক চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।