
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের (Jhargram) অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত। সেইখানেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। অসাবধানতাবসত খরস্রোতা জলপ্রপাতে পড়ে গিয়েছিল সাত বছরের সন্তান। তাঁকে বাঁচাতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন মা। দীর্ঘ তল্লাশির পর অবশেষে উদ্ধার হল নিখোঁজ ওই পর্যটক মহিলার নিথর দেহ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার (Kolkata) বারুইপুর থেকে ওই দম্পতি তাঁদের সাত বছরের শিশুপুত্র এবং আত্মীয়দের সঙ্গে ঝাড়গ্রামে বেড়াতে এসেছিলেন। শনিবার দুপুর প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ তাঁরা বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত চত্বরে পৌঁছন। জলপ্রপাতের কাছে ঘোরাঘুরির সময় আচমকাই অসাবধানতাবশত পা পিছলে গভীর ও খরস্রোতা জলে পড়ে যায় তাঁদের সন্তান। চোখের সামনে সন্তানকে ভেসে যেতে দেখে মুহূর্তের মধ্যে তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন মা। মোট ৩৮ জন এসেছেন সেখানে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শিশুর বাবা। জানা গিয়েছে, তার সঙ্গে থাকা এক ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপর হয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় জল থেকে টেনে তুলতে সক্ষম হন। কিন্তু তীব্র স্রোতের কারণে শিশুটির মা মুহূর্তে তলিয়ে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলপাহাড়ি থানার পুলিশ। এরপর পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা যৌথভাবে নিখোঁজ মহিলার খোঁজে উদ্ধারকাজ শুরু করেন। বেশ কিছুক্ষণ চিরুনি তল্লাশি চালানোর পর দমকলকর্মীরা জলপ্রপাতের গভীর অংশ থেকে মহিলার নিথর দেহ উদ্ধার করেন।