
ঝাড়গ্রাম: বিয়েতে অসম্মতি। পছন্দ নয় স্বামীকে। সেই কারণে হঠাৎ আলাপ হওয়া এক বিবাহিত ভিন্ন ধর্মের যুবকের সঙ্গে পালিয়ে গেলেন গৃহবধূ। কিন্তু সিভিক ভলান্টিয়ার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে ধরা পড়ল সেই যুবক। উদ্ধার করা হয়েছে ওই বধূও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহরণের ঘটনার অভিযোগে ধৃত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার রাধনগর গ্রামে। মঙ্গলবার তাঁকে ঝাড়গ্রাম শহর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ অক্টোবর ঝাড়গ্রাম থানার সিভিক ভলান্টিয়ার আগুইবনি গ্রামের বাসিন্দা মানস রানার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ধারেন্ডা গ্রামের এক তরুণীর বিয়ে হয়। কিন্তু ফুলসজ্জার রাতেই তাঁর স্ত্রী জানিয়ে দেন, তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এর পরেরদিন মেয়ের বাড়ির লোকজনকে ডেকে পাঠান মানসের বাড়ির লোকজন। ওই তরুণী তাঁর বাড়ি ফিরে যান।
এরপর বেশ কয়েকবার ওই তরুণী শ্বশুরবাড়িতে এলেও ফের বাড়ি ফিরে যান। এভাবেই চলছিল। কিন্তু ২ নভেম্বর তিনি শ্বশুরবাড়ি থেকে সোনার গয়না নিয়ে পালান। ওইদিন খড়গপুর স্টেশনে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। মহিলার দাবি, ওই যুবক তাঁর নিজের পরিচয় গোপন করেন। তিনি যে বিবাহিত সেকথা জানাননি তিনি। ওইদিনই তিনি ওই তরুণীকে নিয়ে দিঘা চলে যান। সেখানে বেশ কয়েকদিন থাকার পর ঝাড়গ্রামে ফিরে এসে গয়নাগুলি একটি দোকানে ১ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করে পুরী বেড়াতে যান। পরে পুরী থেকে ফিরে ঝাড়গ্রামের একটি ভাড়াবাড়িতে তাঁরা ছিলেন।
উল্লেখ্য, ৩ নভেম্বর ওই তরুণীর স্বামী ঝাড়গ্রাম থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ বিভিন্ন সূত্রে খবর পেয়ে ১৮ নভেম্বর ওই তরুণীকে উদ্ধার করে। আদালতের নির্দেশে তাঁকে তাঁর বাপের বাড়িতে পাঠানো হয়। আর শেক হাসমতকে পুলিশ গ্রেফতার করে।