
ঝাড়গ্রাম: দুর্গাপুজোর আবহে ঝাড়গ্রামে (Jhargram) পথ দুর্ঘটনা (Accident)। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত কানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাড়িতে ধাক্কা মারল বেপরোয়া ডাম্পার। সেই ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি বাড়ি। এই ঘটনায় ডাম্পার মালিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উৎসবের মরসুমে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
উৎসবের মরসুমে আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কানপুর এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের কয়েকটি বাড়ির উপর সোজা উঠে যায়। প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে মাটির ও পাকা বাড়ির একাংশ।
ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ শুরু করে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ডাম্পার মালিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের আবহ তৈরি হয়। ঠিক কী কারণে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারাল— যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসাবধানতা, তা খতিয়ে দেখছে বেলিয়াবেড়া থানার পুলিশ।