
ঝাড়গ্রাম: লোকালয়ে বিষধর সাপ ঢুকলেই ডাক পড়ত তাঁর। নিঃস্বার্থভাবে, বিনা পারিশ্রমিকে সাপ উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে আসাই ছিল তাঁর নেশা। এলাকার মানুষের কাছে ভরসার ‘সর্পবন্ধু’ হিসেবে পরিচিত সেই যুবকেরই মর্মান্তিক পরিণতি ঘটল সাপের ছোবলে। মঙ্গলবার নিজের বাড়িতে মনসা পুজো উপলক্ষে সাপের খেলা বা ঝাঁপান দেখানোর সময় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল বছর বত্রিশের রাহুল দণ্ডপাটের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের খাড়বান্ধি গ্রাম পঞ্চায়েতের চৌনিশোল গ্রামে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাহুলের বাড়িতে মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। ঢাক-ঢোলের বাদ্যি ও মহিলাদের ঘট আনার মধ্য দিয়ে উৎসবের আমেজ চলছিল বাড়িতে। সেই সময় গলায় জ্যান্ত বিষধর সাপ পেঁচিয়ে ঝাঁপান বা সাপের খেলা দেখাচ্ছিলেন রাহুল। উপস্থিত প্রতিবেশী ও আত্মীয়রা মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, খেলা দেখানোর মাঝেই হঠাৎ অন্যমনস্ক হয়ে পাশে থাকা একজনের সঙ্গে কথা বলতে শুরু করেন রাহুল। ঠিক সেই মুহূর্তেই সুযোগ বুঝে তাঁর বাঁ হাতে ছোবল বসায় সাপটি।
ছোবল খাওয়ার পরই আতঙ্কে ও যন্ত্রণায় গলা থেকে সাপটিকে মাটিতে আছড়ে ফেলেন রাহুল। তীব্র উত্তেজনায় ছটফট করতে করতে পাশে দাঁড়িয়ে থাকা একটি পিক-আপ ভ্যানের হুডের ওপর উঠে পড়েন তিনি। অবস্থার অবনতি হতে দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
আজীবন বন্যপ্রাণী রক্ষায় কাজ করা রাহুলের এমন আকস্মিক মৃত্যুতে গোটা চৌনিশোল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং চার বছরের এক শিশুপুত্র রয়েছে তাঁর। জনপ্রিয় এই যুবকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা। ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ও সমবেদনা জানিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।