
মালদহ: ‘ভূতের’ গ্রামে ‘ভূত’ আসছে বাংলাদেশ থেকে। তারাই ভোট দিচ্ছে। এবার বিস্ফোরক দাবি তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের। এতদিন যে দাবি করছিল বিজেপি, এবার সেই একই সুর তৃণমূলের গলাতেও। উত্তর মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল পরিচালিত বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়া গ্রাম। এখন এই গ্রামকে ভূতের গ্রাম বলছে সকলেই। একের পর এক এখানে মিলছে মৃত ভোটার। একটি বুথেই মিলেছে ৭ জন। সকলেই মৃত। কিন্তু তাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে।
এর পাশাপাশি খোঁজ মিলেছে এই গ্রামেই আরও প্রায় ছয় জনের নাম। তাঁদেরও একইভাবে নাম রয়েছে। এছাড়া আছে নিখোঁজ বা গরমিল রয়েছে এমন ভোটার। তার সংখ্যাও দশেরও বেশি। কেউ আছে দীর্ঘ বছর ধরে নিখোঁজ। আবার কারও নাম রয়েছে কিন্তু কোনও অস্তিত্ব নেই। কিন্তু ভোটের সময় ভোট পড়ছে অবাধে। মৃত থেকে নিখোঁজ বা যাঁদের অস্তিত্বই নেই, তাঁদের ভোট পড়ে যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। এমনকি মৃতের পরিবারেরও।
গত পঞ্চায়েত বা লোকসভা ভোটে মৃত ভোটারদের নামে ভোট পড়েছে বলে অভিযোগ। এই নিয়ে ব্লক ও জেলা প্রশাসন-সহ নির্বাচন কমিশনকে জানিয়েও ফল হয়নি। ভোটার তালিকায় এখনও তাঁদের নাম আছে। তাহলে তাঁদের হয়ে ভোট দিচ্ছে কারা? বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনোজিৎ ভগতের দাবি, এরা সব বাংলাদেশি। যেহেতু পাশেই বাংলাদেশ। সেখান থেকে অবৈধভাবে ভোটের সময় অনুপ্রবেশ হচ্ছে। আর বাংলাদেশ থেকে এপারে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। নদী পেরিয়ে এপারে ঢুকছে বাংলাদেশিরা। বিস্ফোরক অভিযোগ এবার তৃণমূলেরই। গোপনে রাজ্যে তথা মালদায় অনুপ্রবেশ হচ্ছে এবং তারা ভোট দিচ্ছে। আসলে তারা বাংলাদেশি ভোটার। এখানেও ভোটার লিস্টে নাম তুলছে।
খোদ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য বাংলাদেশ থেকে এপারের এসে ভোটদানের কথা বলছেন। তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেম বিজেপির উত্তর মালদার ইনচার্জ অজয় গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “আমরা যে এতদিন অভিযোগ করছিলাম, তা যে ঠিক, সেটাই এবার শোনা যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের গলায়। সরকার তৃণমূলের। প্রশাসন তৃণমূলের। প্রশাসন কেমন কাজ করছে যে বাংলাদেশ থেকে এসে ভোট দিচ্ছে, আবার চলে যাচ্ছে। আমরা বহুদিন থেকে বলছি, তৃণমূল নেতৃত্বের আশ্রয়ে বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে চলে যায়। তৃণমূল বলবে, সীমান্ত পাহারা দেয় বিএসএফ। কিন্তু, সব জায়গায় তো কাঁটাতার নেই। নদী পেরিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে চলে যায়।” নির্বাচন কমিশন যাতে এ বিষয়ে নজর দেয়, সেই দাবি জানান তিনি।
উল্লেখ্য, দু’দিন আগেই বিজেপি দাবি করেছিল, এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রেই ৪২ হাজার ভূতুড়ে ভোটার আছে, যারা বাংলাদেশি। যাদের নামের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং নির্বাচন কমিশনের কাছে।