
মালদহ: কার্তিক পুজোয় লোডশেডিংকে কেন্দ্র করে বচসা। সেই বচসা চলাকালীন বিজেপি নেতাকে বেধড়ক মারধর। আর মারধরের জেরে মালদহের হবিবপুরে মৃত্যু হল বিজেপির মণ্ডল সহসভাপতির। মৃতের নাম চন্দন মণ্ডল। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।
মালদহের হবিবপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির মণ্ডল সহসভাপতি ছিলেন চন্দন মণ্ডল। ঋষিপুরে ৬ মাথা ও ১২ হাতের কার্তিক পুজো হয়। যে পুজো কমিটির সম্পাদক ছিলেন বিজেপি এই নেতা। স্থানীয় বাসিন্দারা জানান, গতরাতে লোডশেডিং হয়। জেনারেটর চালাতে দেরি করে কিছু মদ্যপ যুবক। শুরু হয় বচসা। সেইসময় অভিযুক্ত কানাই চৌধুরী মদ্যপ অবস্থায় চন্দন মণ্ডলের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই জ্ঞান হারান ওই বিজেপি নেতা। মালদহ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত কানাই চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। বিজেপি নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিজনরা। কাঁদতে কাঁদতে মৃতের স্ত্রী বলেন, “ঝামেলার খবর পেয়ে আমার স্বামী ছুটে যায়। সেখানে ওকে বেধড়ক মারে। ও অজ্ঞান হয়ে যায়।” অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়ে তিনি বলেন, “অভিযুক্তের কড়া শাস্তি হোক। ফাঁসি হোক। ওর সঙ্গে যারা রয়েছে, তাদেরও শাস্তি হোক। আমি এটা কোনওমতে বরদাস্ত করতে পারছি না।”
স্থানীয় বিজেপি নেতা মণিরাম চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে চন্দনদা আমাদের পার্টির দায়িত্ব পালন করছিল। এবং এই কার্তিক পুজোর সেক্রেটারি। গতকাল রাতে এক দুষ্কৃতী মদ্যপ অবস্থায় এসে উত্ত্যক্ত করছিল। সবাই তাকে বোঝাচ্ছিল। চন্দনদাও তাকে বোঝাতে যায়। তখন কনুই দিয়ে বুকে মারে। জ্ঞান হারায় চন্দনদা। কমিটির লোকজন বুলবুলচণ্ডী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মালদহ মেডিক্যালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।” তিনি আরও বলেন, “পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এর ফাঁসি চাই। এর সঙ্গে যারা আছে, তাদেরও গ্রেফতার করা হোক।”