
মালদহ: ধার করেছিলেন স্বামী। পাওনাদার বারবার তাঁর কাছে টাকা চেয়েও পাননি। আর টাকা না পাওয়ায় তাঁর স্ত্রীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল পাওনাদারের বিরুদ্ধে। ২ লক্ষ টাকা পাওনা নিয়ে বচসা আর সেই বচসার জেরেই গৃহবধূর মুখে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। মালদহের ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায় চাঞ্চল্য। আক্রান্ত ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেলিপুকুরের বাহান্নবিঘা এলাকার অরুণ দাস নামে এক ব্যক্তি মেঘু ঘোষকে ২ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। শুক্রবার সকালে পাওনা সেই ২ লক্ষ টাকা চাইতে গিয়েছিলেন অরুণ। অভিযোগ, সেই টাকা দিতে অস্বীকার করেন মেঘু। তা নিয়ে আগে থেকেই দু’পক্ষের মধ্যে বচসা ছিল। এদিন সেই বচসার চরমে ওঠে।
অভিযোগ, সে সময় অরুণ দাস অ্যাসিডের বোতল নিয়ে যান, মেঘুর স্ত্রীর মুখে ছুড়ে মারেন। পরে নিজেই সেই অ্যাসিড খেয়ে নেন বলে অভিযোগ। মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। পরে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
অন্যদিকে, মুখ গিয়ে গ্যাজলা বেরনো অবস্থাতেই নিজেই হেঁটে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন অরুণ। মাঝরাস্তায় পড়ে কাতরাতে থাকেন। কিন্তু কেউ তাঁকে সাহায্য করেনি। পরে পথচলতি কয়েকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।