Adhir Ranjan Chowdhury: অধীরের কনভয়ের গাড়িতে ট্রাকের ধাক্কা, কেমন আছেন কংগ্রেস প্রার্থী?

Truck hits Adhir Ranjan Chowdhury's convoy: কংগ্রেসের বক্তব্য, অধীর চৌধুরীর নির্বাচনী প্রচারের সমস্ত তথ্য পুলিশকে দেওয়া থাকে। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে থানা খুব বেশি দূরে নয়। তারপরও পুলিশ তৎপরতা দেখায়নি। ইচ্ছাকৃতভাবে অধীরের কনভয়ে হামলা চালানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। এদিকে, ঘটনার খবর পেয়েই কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। 

Adhir Ranjan Chowdhury: অধীরের কনভয়ের গাড়িতে ট্রাকের ধাক্কা, কেমন আছেন কংগ্রেস প্রার্থী?
অধীর চৌধুরীর কনভয়ে ধাক্কা মেরে পালায় ট্রাকImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 08, 2026 | 9:33 PM

বহরমপুর: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। বুধবার কান্দি থেকে বহরমপুর ফেরার পথে তাঁর কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ওই গাড়িতে থাকা একাধিক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পুলিশকে জানানো হলেও তৎক্ষণাৎ কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। অধীরের কনভয়ে ট্রাকের ধাক্কা নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন। 

এদিন কান্দিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অধীর। প্রচারের পর বহরমপুর ফিরছিলেন তিনি। সন্ধে ৬টা ৪৫ মিনিট নাগাদ জীবন্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অধীরের এক সঙ্গী বলেন, পিছন থেকে এসে একটি ট্রাক কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। যে গাড়িতে ধাক্কা মারা হয়, তার পিছনের গাড়িতেই ছিলেন অধীর। দুর্ঘটনার পর ট্রাকটি অবশ্য পালাতে পারেনি। তৎক্ষণাৎ দুর্ঘটনার খবর স্থানীয় থানায় জানানো হয়। কিন্তু, প্রায় আধ ঘণ্টা পরও পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। 

কংগ্রেসের বক্তব্য, অধীর চৌধুরীর নির্বাচনী প্রচারের সমস্ত তথ্য পুলিশকে দেওয়া থাকে। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে থানা খুব বেশি দূরে নয়। তারপরও পুলিশ তৎপরতা দেখায়নি। ইচ্ছাকৃতভাবে অধীরের কনভয়ে হামলা চালানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। এদিকে, ঘটনার খবর পেয়েই কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে কান্দি থানার পুলিশ। ঘাতক ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অধীর চৌধুরী ২৫ বছর কংগ্রেসের সাংসদ ছিলেন। এবার তিনি নিজে বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার এ রাজ্যে কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকায়ও রয়েছেন তিনি। সবমিলিয়ে তাঁর নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে।

Follow Us