
ফরাক্কা: জল-চুক্তি বৈঠকের আগে ফরাক্কা ব্যারেজে বিভিন্ন এলাকা খতিয়ে দেখলেন বাংলাদেশের প্রতিনিধিরা। জল চুক্তি নিয়ে বৈঠক করতেই কলকাতায় এসেছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। আগামী ৭ তারিখ পর্যন্ত রাজ্যে থাকবেন তাঁরা। মঙ্গলবার ফরাক্কার ব্যারেজ পরিদর্শন করলেন সেই প্রতিনিধিদল।
মঙ্গলবার সকালে ফরাক্কা ব্যারেজ ও পদ্মায় স্পিড বোর্ডে ঘুরে বিভিন্ন এলাকা দেখেন বাংলাদেশের আধিকারিকরা। ৩ থেকে ৮ মার্চ পর্যন্ত জল চুক্তি নিয়ে কলকাতায় বৈঠক রয়েছে। তার আগে এই ব্যারেজ খতিয়ে দেখলেন তাঁরা। সেখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মহম্মদ আবুল হোসেন।
বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে পদ্মার জল চুক্তি নিয়ে কথা হবে ভারত ও বাংলাদেশের। ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরডি দেশপান্ডে ও ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের আধিকারিরা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রতিনিধিদের নিয়ে ব্যারেজ গেস্টহাউজের দিকে রওনা দেয়। আজ সকালে জল চুক্তি নিয়ে বৈঠক বৈঠকের আগে জলপথে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।
ভারতের সঙ্গে বাংলাদেশের এই নদী চুক্তি হয় ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচডি দেব গৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গঙ্গার জল সংক্রান্ত চুক্তি শেষ হতে চলেছে ২০২৬-এর ডিসেম্বরে। তার আগেই এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।