Humayun Kabir: ‘রাজনীতি সম্ভাবনাময় শিল্প…’, সুর নরম করেও গুঞ্জন জিইয়ে রাখলেন হুমায়ুন

TMC: কথাবার্তায় কি দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের প্রতি সমর্থনের কথাই বুঝিয়ে দিতে চাইলেন? আজ হুমায়ুন বললেন, 'আবার একটা নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অবতীর্ণ হব। সেখানে যাতে আমাদের তৃণমূল কংগ্রেস ভাল ফল করে, সেই চেষ্টাই আমাদের থাকবে।' তাহলে কি সব মিটমাট? নাকি সমস্যা আরও জটিল?

Humayun Kabir: রাজনীতি সম্ভাবনাময় শিল্প..., সুর নরম করেও গুঞ্জন জিইয়ে রাখলেন হুমায়ুন
কী বলছেন হুমায়ুনImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Mar 16, 2024 | 11:32 PM

ভরতপুর: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ভোলবদল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। যে বিদ্রোহের কথা ঘোষণা করেছিলেন বিধায়ক, অন্তত আপাতত ইউসুফ পাঠানের বিষয়ে কিছুটা হলেও সুর বদলেছে তাঁর। সম্প্রতি, ব্রিগেডের জনগর্জনের সভা থেকে ৪২ আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। বহরমপুর থেকে তৃণমূল ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে প্রার্থী করায় বেঁকে বসেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। একেবারে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিলেন। এমনকী ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাবেন, এমন হুঁশিয়ারিও দিয়েছিলেন। প্রয়োজনে নিজের দল খুলবেন, এমন কথাও বলতে শোনা গিয়েছিল তাঁকে। তবে আজ কথাবার্তায় কি দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের প্রতি সমর্থনের কথাই বুঝিয়ে দিতে চাইলেন? আজ হুমায়ুন বললেন, ‘আবার একটা নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অবতীর্ণ হব। সেখানে যাতে আমাদের তৃণমূল কংগ্রেস ভাল ফল করে, সেই চেষ্টাই আমাদের থাকবে।’

এর আগে যে বিদ্রোহের সুর শোনা গিয়েছিল হুমায়ুনের গলায়, সেই নিয়েও আজ প্রশ্ন করা হয় বিধায়ককে। সেক্ষেত্রে অবশ্য তাঁর যুক্তি, ‘আমি একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম। রাজনীতি সম্ভাবনাময় শিল্প। আমার কাছে যাঁরা অভিযোগ করেছিলেন, তার প্রেক্ষিতে আকষ্মিকভাবে ওটা বলেছিলাম। যত সময় যাবে, পরিস্থিতি পর্যালোচনা করা হবে।’ হুমায়ুনের দাবি, তিনি তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে ভোটের ট্রেন্ড বোঝার চেষ্টা করেছেন। অর্থাৎ, ইউসুফ পাঠানের দিকে কতটা হাওয়া, অধীরের দিকে কতটা হাওয়া, সে সব বোঝার চেষ্টা করছেন তিনি। হুমায়ুনের অনুমান, বহরমপুরে কংগ্রেসের বর্তমানে যা অবস্থা তাতে অনায়াসেই জয়ী হবে তৃণমূল। তবে হুমায়ুন এও বলেন, ‘রাজনীতি সম্ভাবনাময় শিল্প। সকালে একরকম আবহাওয়া থাকতে পারে, বিকেলে সেটা বদলেও যেতে পারে। বৃষ্টি আসতে পারে, ঝড় হতে পারে। রাজনীতিও সেরকম।’

উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বর্তমানে রয়েছেন মুর্শিদাবাদ জেলা সফরে। আজ ফিরহাদের বৈঠকে দেখা না গেলেও, সন্ধেয় ফিরহাদের সঙ্গে দেখা করেন হুমায়ুন কবির। ফিরহাদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে হুমায়ুন বলে যান, ‘রাগ-অভিমান কারও উপর করিনি, তাই সেটা ভঞ্জন হওয়ারও কারণ নেই।’ সঙ্গে তিনি এও জানিয়ে রাখলেন, তাঁর কাছে অনেক অফার রয়েছে। তবে এ কথাও বললেন, ‘আমি অন্য কোনও দলে যাব না। এই দলেই থাকব এবং এই দলেরই অন্যায় দেখলে, ভুল দেখলে প্রতিবাদ করব।’ তবে বৈঠক শেষে বেরিয়ে কী নিয়ে কথা হয়েছে, সেই বিষয়টি খোলসা করতে চাননি হুমায়ুন। ফিরহাদের সঙ্গে বৈঠককে শুধুই সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করলেন তিনি।

Follow Us