
মুর্শিদাবাদ: বাড়ির সামনেই খেলতে বেরিয়েছিল। কিন্তু তারপর থেকে আর খোঁজ মিলছিল না। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেন পরিবারের সদস্যরা। খোঁজ পায় না পুলিশও। সপ্তমীর সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের হরিহরপাড়ার মালোপাড়া গ্রাম। চার দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার সন্ধ্যায় বাড়ির কাছেই একটি গর্ত থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ।মৃত শিশুর নাম আরিয়ান রহমান। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার দিন আগে বাড়ির পাশেই খেলাধুলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় আরিয়ান। পরিবারের লোকজন সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি। অবশেষে পরিবারের পক্ষ থেকে হরিহরপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি বা অভিযোগ দায়ের করা হয়।
শনিবার সন্ধ্যায় হরিহরপাড়ার মালোপাড়া গ্রামে বাড়ির থেকে মাত্র একশো মিটার দূরে একটি বাঁশবাগানের গর্ত থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা সেখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরই ওই বাঁশবাগানের গর্তের ভেতর থেকে আরিয়ানের পচাগলা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পাওয়া মাত্রই হরিহরপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গর্ত থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শিশুটির মৃত্যু ঠিক কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও সমগ্র এলাকাবাসী।