
মুর্শিদাবাদ: মঙ্গলবার সকাল থেকে রেজিনগরে চড়ছে ভোটের উত্তাপ। সকাল থেকে আজুপ বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বাড়ির সামনে পুলিশে ছয়লাপ। পুলিশ দিয়ে নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের বিরুদ্ধে তুলেছেন বিস্ফোরক অভিযোগ। ভোট লুঠের অভিযোগও তুলেছেন আজুপ (AJUP) নেতা। হুমায়ুনের চরম হুঁশিয়ারি, ভোট লুঠ হলে পুলিশের উপর হামলা হবে। এমনকী, ভোটে বাধা দিতে এলে জনতাকে মুগুর নিয়ে প্রতিরোধ করার মতো উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার সকাল সকাল নিজের বুথ কেন্দ্রে ভোট দিয়েছেন হুমায়ুন কবীর। সকাল ৭টা বাজার আগেই সপরিবারে বুথে পৌঁছে যান নওদার বিধায়ক। ভোট দিয়ে বেরিয়েই পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, “পুলিশ কি ধোঁয়া তুলসি পাতা নাকি। দুই মাস ধরে পুলিশ জুলুম করছে। পুলিশ এমন আচরণ করবে, ভোটের নামে মানুষের অধিকার ছিনিয়ে নেবে, ৬৪ জনকে গ্রেফতার করেও শান্তি হয়নি। আজ সকালে পুলিশ যেধরনের আচরণ করছে, মানুষকে বলব এদের বিরুদ্ধে মুগুড় নিয়ে দাঁড়াতে। পুলিশ যদি আমাকে মারতে আসে তাহলে কি ছেড়ে দেব? পুলিশের তো আইনরক্ষা করার দরকার।”
একইসঙ্গে হুমায়ুনের হুঙ্কার, পুলিশ গ্রেফতার করলে করুক। ময়দান তিনি ছাড়বেন না। তাই, সকাল সকাল ভোট দিয়েই রাস্তায় বেরিয়ে পড়েছেন তিনি। তাঁর অভিযোগ, বুথে এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।