
মুর্শিদাবাদ: রাজ্যে গো-হত্যা ও অবৈধ পশু পাচার রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে অভিযান চালিয়ে নির্জন এলাকায় পশু জবাই করার সময় হাতেনাতে চারজনকে পাকড়াও করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার শেখদিঘির হাজিপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকালই রাজ্যে গো-হত্যা এবং বেআইনি পশু পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই নির্দেশের পরপরই মুর্শিদাবাদ জেলা জুড়ে বিশেষ অভিযান ও নজরদারি শুরু করে পুলিশ প্রশাসন।
এরই মধ্যে মঙ্গলবার ভোররাতে সাগরদিঘি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন ও পরিত্যক্ত জায়গায় অত্যন্ত গোপনে অবৈধভাবে পশু জবাই করা হচ্ছে। খবর পাওয়ামাত্রই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় অতর্কিতে হানা দেন আধিকারিকরা। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় পশু জবাই করার অবস্থায় হাতেনাতে চারজনকে ধরে ফেলে পুলিশ।
ঘটনাস্থল থেকেই অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাংস বিধি মেনে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এই অবৈধ চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে এবং জবাই করা পশুর মাংস কোথায় পাচার বা পাঠানোর পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সাগরদিঘি থানার পুলিশ।