
মুর্শিদাবাদ: জুয়ার আসরে পুলিশের অভিযানের সময় পুলিশকেই লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় মূল অভিযুক্ত এক সেনা জওয়ানকে বাগডোগরা থেকে গ্রেফতার করল সালার থানার পুলিশ। ধৃত ফায়জল শেখ ৭২ আর্টিলারি রেজিমেন্টের আর্মি নায়েক পদমর্যাদার কর্মী। পুলিশ সূত্রের দাবি, অরুণাচল প্রদেশে কর্মরত ওই সেনা জওয়ানের বিরুদ্ধে সালার থানায় বোমাবাজি-সহ প্রায় আটটি ফৌজদারি মামলা রয়েছে। বোমা মারার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩-১৪ সেপ্টেম্বর মধ্যেরাতে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ খাঁড়েরা গ্রামের একটি জুয়ার আসরে হানা দেয়। পুলিশ পৌঁছতেই সেখানে থাকা কয়েক জন অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে। অভিযোগ, পুলিশের গাড়ি লক্ষ্য করে পর পর বোমা ছুড়ে পালায় তারা। বিস্ফোরণে সালার থানার এএসআই সাদেক আলি-সহ বেশ কয়েক জন পুলিশকর্মী জখম হন। আহত এএসআই বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর থেকেই পলাতক ছিল ফায়জল। তদন্তে নেমে তাঁর অবস্থান সম্পর্কে খোঁজ পায় পুলিশ। শেষ পর্যন্ত বাগডোগরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, সেনাবাহিনীতে কর্মরত থাকার পাশাপাশি স্থানীয় এলাকায় ফায়জলের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ভরতপুরের এসডিপিও বরুণ বৈদ্য বলেন, “এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে সোমবার কান্দি মহকুমা আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।” পুলিশের নজরে এখন জুয়ার আসর ঘিরে তৈরি হওয়া ওই চক্রের বাকি সদস্যেরা। বোমা কোথা থেকে এসেছিল, হামলার পিছনে আরও কারা ছিল এবং অভিযুক্তদের সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকায় তল্লাশিও চলছে।