Husband Kills Wife in Murshidabad: স্ত্রীকে খুন করে চরম অবসাদ! কিছুক্ষণেই ভয়ঙ্কর সিদ্ধান্ত স্বামীর

Murshidabad Murder Case: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দম্পতির মধ্যে তীব্র পারিবারিক অশান্তি শুরু হয়। অভিযোগ, অশান্তি চলাকালীন তাপসী দেবীকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়।

Husband Kills Wife in Murshidabad: স্ত্রীকে খুন করে চরম অবসাদ! কিছুক্ষণেই ভয়ঙ্কর সিদ্ধান্ত স্বামীর
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 19, 2026 | 11:35 AM

বড়ঞা: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন। তারপর চরম হতাশায় আত্মঘাতী হন স্বামীও। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের বড়ঞার পছিপাড়া গ্রামে। রবিবার সকালে এই জোড়া মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত গৃহবধূর নাম তাপসী দাস (৪২)। মৃত্যু হয়েছে তাঁর স্বামী তাপস দাসও (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দম্পতির মধ্যে তীব্র পারিবারিক অশান্তি শুরু হয়। অভিযোগ, অশান্তি চলাকালীন তাপসী দেবীকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। মৃত্যু নিশ্চিত করতে বাড়িতে থাকা ধারাল অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকেন তাপস। অভিযোগ, এই হত্যাকাণ্ডে তাপস দাসের সঙ্গে তাঁর মা-ও সরাসরি যুক্ত ছিলেন। ছেলেকে সাহায্যও করেন। সূত্রের খবর, স্ত্রীকে খুনের নিজেও ভেঙে পড়েন তাপস। তীব্র অবসাদ থেকে তিনি নিজেও বাড়ির ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 

খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতার শাশুড়ি ও এক সন্তানকে আটক করেছে পুলিশ। পারিবারিক বিবাদ নাকি এর পেছনে অন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক বিবাদ হলে তার নেপথ্যে কোন কারণ ছিল, আগে থেকেই কোনও সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে কথা বলা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গেও। অন্যদিকে স্বভাবতই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়।  

Follow Us