
উত্তর ২৪ পরগনা: বাড়ি-বাড়ি ঝামেলা। আর তাতেও লেগে গেল রাজনৈতিক রং। নির্বাচন যত সামনে আসছে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ বরানগরে লেগে আছে । বরানগর সাত নম্বর ওয়ার্ড আলম বাজার হনুমান মন্দির বিজেপি প্রার্থী সজল ঘোষ অভিযোগ করেন, বরানগর তার ওয়ার্ড নির্বাচনের কাজ করছিলেন। অভিযোগ, তখনই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা বিজেপি প্রার্থী সজল ঘোষের অনুগামীদের ওপর হামলা চালান।
রাত বারোটা নাগাদ বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এমনকি থানার সামনেও দুপক্ষ বচসায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সজল ঘোষের অভিযোগ, তৃণমূলের কর্মীরা থানার সামনে গিয়ে বিজেপি কর্মীদের উত্ত্যক্ত করেন। তাঁদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ।
তাতেই থানার সামনে বচসায় জড়িয়ে পড়েন দু’পক্ষ। পরে সজল ঘোষের পক্ষ থেকেও থানায় অভিযোগ করা হয় । পুলিশ এ বিষয় নিয়ে তদন্ত করছে। তদন্তে পুলিশ জানতে পারে, বরানগর এক পরিবারে দুই ভাইয়ের অশান্তি চলছিল। তাঁদের মধ্যে হাতাহাতি হয়। সেই অশান্তিতেই রাজনৈতিক রং লাগে। বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, “তৃণমূলের ছেলেরা এখানে এসেছিল। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমি তখন ছিলাম না। পরে এসে সরিয়ে দিই।” এই নিয়ে অবশ্য তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।