TMC Councillor: কাউন্সিলরের ফাঁসির দাবিতে রণক্ষেত্র ব্যারাকপুর, স্তব্ধ বিটি রোড
BT Road: কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে দাবি করেছেন অর্জুন সিং। ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন বিজেপি সমর্থকরা। এদিনই ব্যারাকপুর আদালতে তোলার কথা রবীন ভট্টাচার্যকে। শারীরিক পরীক্ষার পর আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। আদালতের সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে।

ব্যারাকপুর: কাউন্সিলরের লাথি খাওয়ার পরই হার্ট ফেল করে মৃত্যু হয়েছে ৮১ বছরের বৃদ্ধের। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ব্যারাকপুর। ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় ওই কাউন্সিলরকে সাসপেন্ড করে তৃণমূল। রবীন্দ্রনাথ ভট্টাচার্য নামে ওই কাউন্সিলরকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই। এবার তাঁর ফাঁসির দাবিতে অবরোধ করা হল বিটি রোড।
সোমবার দুপুরে চিড়িয়ামোড় অবরোধ করেছেন বিজেপির সমর্থকরা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বি টি রোড। গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, শীলভদ্র দত্তের।
কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে দাবি করেছেন অর্জুন সিং। ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন বিজেপি সমর্থকরা। এদিনই ব্যারাকপুর আদালতে তোলার কথা রবীন ভট্টাচার্যকে। শারীরিক পরীক্ষার পর আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। আদালতের সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। বিজেপির একটি মিছিলও এগোচ্ছে আদালতের দিকে। আটকাতে মরিয়া পুলিশ। কাউন্সিলরকে কীভাবে আদালতে তোলা হবে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে।

রবিবার তুলসী অধিকারী নামে এক ৮১ বছরের বৃদ্ধের মৃত্যুতে কাউন্সিলর রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁকে লাথি মারার অভিযোগ ওঠে। ঘটনার পর সন্ধ্যায় ঘটনাস্থলে যান বিধায়ক পার্থ ভৌমিক। তিনি জানান, তৃণমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে রবীনকে। ঘটনাটি খুবই মর্মান্তিক বলেও উল্লেখ করেন বিধায়ক। রাতেই গ্রেফতার করা হয় ওই কাউন্সিলরকে।
