
কলকাতা: আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। বিজেপির রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন তিনি। কেন বিধায়কের মুখে এমন কথা? কৌস্তভের দাবি তৃণমূল নেতা উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে যদি বিজেপিতে নেওয়া হয় তাহলে তিনি গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরবেন।
ঠিক কী বলেছেন কৌস্তভ?
কৌস্তভ বলেন, “উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে আমাদের দলের লোকের সঙ্গে দেখে ব্যারাকপুরের মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন। এটা ভালো ছবি হচ্ছে না। জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি দলের কাছে হাতজোড় করে নিবেদন করব এই মানুষগুলোকে যেন না ভাবে যোগদান করানোর ক্ষেত্রে।” এখানে উল্লেখ্য, গোটা রাজ্যেই দেখা গিয়েছে পালাবদলের পর থেকে জায়গায়-জায়গায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান হয়েছে। বাদ যায়নি ব্যারাকপুরও। এবার সেই যোগদান নিয়েই মুখ খুললেন কৌস্তভ।
তিনি এও বলেছেন, “এই মানুষগুলো এখানে এলে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে। এর জন্য আমায় যদি আমাদের রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিতে হয় তাই করব। আমার রাজনৈতিক দৃঢ়তা নিয়ে জানি বাংলার মানুষের কোনও প্রশ্ন নেই। কারণ আমি সাড়ে তিন বছর মাথা কামিয়ে থেকেছি।”
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্য়ায় ক্ষমতার থাকাকালীন গ্রেফতার হয়েছিলেন কৌস্তভ। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বলেছিলেন, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় গদি ছাড়া হচ্ছেন, ততদিন পর্যন্ত মাথায় চুল রাখবেন না তিনি। সেই মতোই দীর্ঘদিন মাথায় চুল রাখেননি তিনি। সেই কৌস্তভ এখন বিজেপি বিধায়ক। এবার তাঁর মুখেই শোনা গেল এমন কথা।