
দমদম: সাতগাছি এন.এন. রোড এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা ও ছেলের। শুক্রবার দুপুরে একটি বহুতলের চারতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রমা সিকদার (৭৫) এবং তাঁর ছেলে অভিষেক সিকদার (৪৫)। প্রতিবেশীরা বলছেন এদিন দুপুরে আচমকাই ওই বাড়ির চারতলা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় দমকল ও নাগেরবাজার থানায়।
দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন ওই রমা দেবী, সঙ্গে তাঁর ছেলে অভিষেক। পুলিশ গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ। অগ্নিকাণ্ডের উৎস জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।
এলাকার বাসিন্দাদের দাবি, সিকদার পরিবারটি বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তাঁরা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। এই মানসিক অবসাদই কি কোনও চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে, নাকি এটি একটি নিছক দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চাপানউতোর চলছে এলাকায়।