
কলকাতা: নৈহাটিতে দিনে-দুপুরে তৃণমূল কর্মী সন্তেষ যাদবকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। শুক্রবার এই ঘটনার পরের দিনই অর্থাৎ শনিবার বদলে গেলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। অলোক রাজোরিয়াকে সরানো হল পুলিশ কমিশনার পদ থেকে। তাঁকে ডিআইজি (DIG) ট্রাফিক পদে বসানো হয়েছে। অপরদিকে, অলোক রাজোরিয়ার জায়গায় ব্যারাকপুরের নতুন সিপি হলে অজয় ঠাকুর। সরলেন এসপি ট্রাফিক রাজ নারায়ণ মুখোপাধ্যায়। তাঁকে এসপি ট্রাফিক থেকে পাঠানো হল সেকেন্ড ব্যাটেলিয়ানে।
উল্লেখ্য, রাজ্যে বেশ কয়েকটি জেলায় পরপর তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। তার মধ্যে অন্যতম মালদহ, উত্তর ২৪ পরগনা। মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের পরই আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কী করছে, তাঁরা নিজেদের কাজ আদৌ ঠিকভাবে করছেন কি না সে কথাও উল্লেখ করেছিলেন মমতা। তবে মুখ্যমন্ত্রী এই বার্তার পরও যে অপরাধের সংখ্যা কমছে না, তা আবারও প্রমাণিত হল গতকালের ঘটনায়। শুক্রবার নৈহাটির ব্যানার্জি পাড়া এলাকায় তৃণমূল কর্মী সন্তোষ যাবদকে গুলি করে খুন করা হয়। শুধু তাই নয়, প্রকাশ্যে আসে একটি সিসিটিভি ফুটেজও (সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা)। যেখানে দেখা যায়, প্রথমে চালানো হয় গুলি। তারপর মৃত্যু নিশ্চিত করার জন্য ইট দিয়ে থেঁতলে-থেঁতলে মারা হয় সন্তোষকে। এই ঘটনার পরের দিনই দেখা গেল বদলে গিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার।