
বাদুড়িয়া: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে ঢালাই রাস্তা হওয়ার কথা। আর সেই রাস্তা তৈরিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। দুই পক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সামিনুর ইসলাম মণ্ডল (৪৬)। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৫ জন। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বাদুড়িয়া থানার রায়পুর গ্রামের উত্তরপাড়ায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল। রাস্তা ঢালাইকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। সামিনুর ইসলাম মণ্ডলের বাড়ি যাওয়ার রাস্তাটি ঢালাইয়ে কথা ছিল। রাস্তা তৈরিতে বাধা দেন প্রতিবেশী ভাই ও ভাইপোরা। বচসা থেকে সংঘর্ষ বাধে। অভিযোগ, সংঘর্ষের সময় সামিনুরের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।
রক্তাক্ত অবস্থায় সামিনুরে বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সংঘর্ষে গুরুতর আহত হয়ে আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে। এলাকায় পুলিশি টহল জারি রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মৃত সামিনুর মণ্ডলের তুতো দাদা বাবলু মণ্ডল বলেন, “রাস্তা ঢালাই করার জন্য মিস্ত্রি এসেছিলেন। তাঁরা কাজ শুরুর সময়ই প্রতিবেশী আব্বাসউদ্দিন ও তাঁর ছেলে সালাউদ্দিন এসে কাজে বাধা দেন। তারপরই সামিনুরের পেটে ছুরি ঢুকিয়ে দেন।” সংঘর্ষে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিজনরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।