Shantanu Thakur: ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ পড়বে: শান্তনু ঠাকুর
Shantanu Thakur: পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। আমরা দেখতে চাই কত রোহিঙ্গা ভোটার বাদ যায়, কত বাংলাদেশি ভোটার বাদ যায়, কত ভূতুড়ে ভোটার এবং শরণার্থী ভোটার বাদ যায়। একইসঙ্গে তাঁর সংযোজন, শরণার্থীরা বাংলাদেশে পুশব্যাক হবে না।

গাইঘাটা: মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতায় দলীয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, “এসআইআর যদি বাস্তবে কার্যকরী হয়, তাহলে এই সরকারের কোনও নিস্তার নেই। এসআইআরে কমপক্ষে ১ থেকে ১ কোটি ২০ লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বসে আছে, তাদের নাম বাদ যাবে।” সেখানে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী এবং ভুতুড়ে ভোটাররা কোনওভাবে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না বলেই মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, “সাধারণ মানুষ, যারা পরিবর্তন চায়, যারা বাংলায় শিল্প আনতে চায়, বাংলায় শিক্ষা আনতে চায়, বাংলায় যারা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আনতে চায়, তারা ভোট দিতে পারবে। তাদের ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে সরকার গঠন করবে।”
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। আমরা দেখতে চাই কত রোহিঙ্গা ভোটার বাদ যায়, কত বাংলাদেশি ভোটার বাদ যায়, কত ভূতুড়ে ভোটার এবং শরণার্থী ভোটার বাদ যায়। একইসঙ্গে তাঁর সংযোজন, শরণার্থীরা বাংলাদেশে পুশব্যাক হবে না। সিটিজেনশিপ পেলে তারা আবার ভোটার হয়ে যাবে।
এই বিষয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন, “এসআইআর-এ সবথেকে বেশি ক্ষতি হবে মতুয়া উদ্বাস্তুদের। বিজেপিতে যারা ভোট দেয় তাদের নাম বাদ যাবে। তাতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বরং আসন বাড়বে।”
এদিকে, শান্তনু ঠাকুরের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, “রাজ্য বিজেপি নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী আগে বসে ঠিক করুক তারা কী চায়। এরা মানুষকে বিভ্রান্ত করে রেখেছে।”
