Former TMC MLA: প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের গ্রেফতারের দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ
Villagers Protest Against TMC Leader: বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছেন দেবেশ মণ্ডল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি এবং গরিব মানুষের জন্য আসা সরকারি ত্রাণ লুটের মতো গুরুতর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।

উত্তর ২৪ পরগনা: হিঙ্গলগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের গ্রেফতারের দাবিতে তাঁর বাড়ির সামনে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীধরকাটি গ্রামে অবস্থিত প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছেন দেবেশ মণ্ডল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি এবং গরিব মানুষের জন্য আসা সরকারি ত্রাণ লুটের মতো গুরুতর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় হেমনগর কোস্টাল থানা ও হিঙ্গলগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। সেই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও।
বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, প্রাক্তন তৃণমূল বিধায়ককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল। পাল্টা দাবি করে তিনি বলেন, “বিজেপির কয়েকজন নেতা, কর্মী ও সমর্থক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখিয়েছে। আমি কোনো অন্যায়ের সাথে যুক্ত নই। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”
