Balurghat: স্কুল থেকে ফিরে একসঙ্গে নিখোঁজ দুই নাবালক, থানায় থানায় খবর
Balurghat Missing Boys: দুজনের বয়স ১৩ বছর। তারা দুজনেই মালঞ্চার হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। দুজনের বাবাই পেশায় কৃষক দিনমজুর। গত বুধবার বিকালে স্কুল থেকে বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে দুই বন্ধু ঘুরতে বের হয়। তারপর থেকেই তাদের আর কোন খোঁজ মিলছে না।

বালুরঘাট: স্কুল থেকে ফিরে ঘুরতে বেরিয়ে নিখোঁজ দুই নাবালক বন্ধু। গত বুধবার বিকেল থেকে নিখোঁজ বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একমাইল এলাকার অষ্টম শ্রেণির দুই নাবালক বন্ধু। অনেক খোঁজাখুঁজির পর দুজনের খোঁজ না মেলায় অবশেষে এদিন রাতে বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করল দুই নাবালকের পরিবার। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে বালুরঘাট থানা পুলিশ।
জানা গিয়েছে, দুজনের বয়স ১৩ বছর। তারা দুজনেই মালঞ্চার হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। দুজনের বাবাই পেশায় কৃষক দিনমজুর। গত বুধবার বিকালে স্কুল থেকে বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে দুই বন্ধু ঘুরতে বের হয়। তারপর থেকেই তাদের আর কোন খোঁজ মিলছে না। বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সব জায়গায় খোঁজাখুঁজি করার পরও খোঁজ মেলেনি দুই বন্ধুর। অবশেষে গতকাল রাতে বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের হয়। দুই বন্ধু কোথায় গিয়েছে, তাদের কেউ অপহরণ করেছে কিনা তা নিয়ে ধন্দে দুই পরিবার।
অন্যদিকে বালুরঘাট থানার তরফ থেকে জানানো হয়েছে, নিখোঁজ অভিযোগ পাওয়ার পরই প্রত্যেক থানাকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
