
আসানসোল: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কড়া ভাষায় আক্রমণ করলেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) উদ্দেশে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন। এবার সেই প্রসঙ্গেই অভিষেককে ‘প্যারাসুট পলিটিশিয়ান’ খোঁচা দিলেন মন্ত্রী। তাঁর কটাক্ষ, অভিষেক যে কথাগুলো বলেন, তা শুধুমাত্র সিনেমাতেই ভালো লাগে। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ দিয়েছেন অগ্নিমিত্রা।
রবিবার অভিষেককে আক্রমণ করে অগ্নিমিত্রা বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী রাজনীতিতে আপনার মতো প্যারাসুটে নামেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দু-দুবার হারিয়েছেন। সুতরাং অভিষেকবাবু যে ডায়লগগুলো দেন, এগুলো সিনেমাতেই ভালো লাগে। ওপেন চ্যালেঞ্জ করবেন না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলুন এই চ্যালেঞ্জটা না করে আপনাদের পিছনে কত বাংলার মানুষ রয়েছে, সেটা পুরভোটে একটা কাউন্সিলরের টিকিট নিয়ে জিতে দেখান।”
এরপরই মমতাকে খোলা চ্যালেঞ্জ করেন অগ্নিমিত্রা। বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ করছি। মমতাদি আপনি পশ্চিমবঙ্গের যে কোনও জায়গায় কাউন্সিলরের টিকিট নিয়ে জিতে দেখান। তারপর আপনার ভাইপোকে বলবেন, এই সিনেমার মতো রাস্তায় দাঁড়িয়ে ডায়লগ দিতে।”
এর আগেও মমতাকে পুরভোটে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার। মুখ্য়মন্ত্রী বলেছিলেন, “কে দিদি? আন্টি, ও পার্টির নাম নেই, নিশানও নেই। ওঁর যদি ক্ষমতা থাকে, পুরভোটে নিজের ওয়ার্ডে দাঁড়ান। যে নতুন প্রতীক পেয়েছেন, ওই প্রতীকে জিতে দেখান, তারপর দিল্লি যান। ৭৩ নম্বর ওয়ার্ড, যেখানে আমি ৪ হাজার লিড পেয়েছি, নিজের ওয়ার্ডে জিতে, তারপর ভাষণ দিন।”