Agnimitra Paul on Road: ‘পাবলিকের কোনও টাকা খরচ হয়নি’, রাস্তা রং করার টাকা কোথায় থেকে এল, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা
মন্ত্রী এদিন আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পুজো এলেই বাঙালি যেমন নিজের ঘর পরিষ্কার করে নতুন রঙে রাঙিয়ে তোলে, ঠিক সেভাবেই নিজের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সুন্দর করে তোলা হচ্ছে। শহরকে সুন্দর রাখার দায়িত্ব প্রতিটি শহরবাসীর।"

আসানসোল: কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় রাস্তায় লেগেছে রামধনু রং। সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। গড়িয়াহাট, চিংড়িঘাটার মতো এলাকায় এমন রঙিন রাস্তা চমকে দিচ্ছে পথচারীদের। সেই সঙ্গে উঠছে প্রশ্নও। সাধারণ মানুষের টাকায় একের পর এক রাস্তা রং করে কী লাভ! এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ব্যাখ্যা করলেন, রাস্তার রং করতে সাধারণ মানুষের টাকা খরচ করা হয়নি।
মন্ত্রী এদিন আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পুজো এলেই বাঙালি যেমন নিজের ঘর পরিষ্কার করে নতুন রঙে রাঙিয়ে তোলে, ঠিক সেভাবেই নিজের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সুন্দর করে তোলা হচ্ছে। শহরকে সুন্দর রাখার দায়িত্ব প্রতিটি শহরবাসীর।”
তিনি আরও জানান, আগে ফ্যাশন ডিজাইনার থাকার সুবাদে মানুষকে সুন্দর করে সাজানোর ইচ্ছা এখন শহরকে সাজানোর ভাবনায় বদলে গিয়েছে। তাই দুর্গাপুজো উপলক্ষে শহরের ব্রিজ ও রাস্তায় এই রঙিন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ওঠা খরচের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন যে, বিভিন্ন রং-এর সংস্থার সিএসআর ফান্ডের মাধ্যমেই এই সব কাজ করা হয়েছে। সাধারণ মানুষের করের টাকা এতে এতটুকুও খরচ করা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রীর বক্তব্য, ওই রং বিশ্বাসের, ভ্রাতৃত্বের। ৬ মাস মতো ওই রং রাস্তায় থাকবে বলে জানিয়েছেন তিনি।
