Bankura: আদিবাসী সমাবেশ থেকে ফিরছিলেন, পিক আপ ভ্যান উল্টে আহত ৩০
Khatra Pickup Van Accident: পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার ধচাটি গ্রামের ৩০ জন বাসিন্দা একটি পিক আপ ভ্যান ভাড়া করে পুরুলিয়ার জেলার মানবাজারে আদিবাসীদের সমাবেশে যোগ দিতে যান। সমাবেশ শেষে সোমবার সন্ধ্যায় তাঁরা ওই পিক আপ ভ্যানে চড়েই নিজেদের গ্রামে ফিরছিলেন।

বাঁকুড়া: পুরুলিয়ার মানবাজারে আদিবাসী সমাবেশ থেকে ফেরার পথে পিক আপ ভ্যান উল্টে জখম হলেন প্রায় ৩০ জন। সোমবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি বাঁকুড়ার খাতড়ার ধবনি থেকে সারেঙ্গার পি মোড় যাওয়ার রাস্তায় কেলাতি আশ্রম সংলগ্ন জোড়খালের সামনে। আহতদের দ্রুত উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সকলেই পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার ধচাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার ধচাটি গ্রামের ৩০ জন বাসিন্দা একটি পিক আপ ভ্যান ভাড়া করে পুরুলিয়ার জেলার মানবাজারে আদিবাসীদের সমাবেশে যোগ দিতে যান। সমাবেশ শেষে সোমবার সন্ধ্যায় তাঁরা ওই পিক আপ ভ্যানে চড়েই নিজেদের গ্রামে ফিরছিলেন। রাত ৮ টা নাগাদ পি আপ ভ্যানটি খাতড়ার ধবনি মোড় থেকে সারেঙ্গার পি মোড় যাওয়ার রাস্তায় কেলাতী আশ্রম সংলগ্ন জোড়খালের কাছে আচমকাই পিক আপ ভ্যানটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপরই পিক আপ ভ্যানটি রাস্তার ধারে উল্টে গেলে ওই ভ্যানে থাকা ৩০ জন যাত্রীই কমবেশি আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৪ জনের আঘাত তুলনামূলক বেশি বলে জানা গিয়েছে। এর মধ্যে এক যাত্রীর শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়। ঘটনার খবর পাওয়ার পরই খাতড়া মহকুমা হাসপাতালে যান স্থানীয় আদিবাসী সংগঠন ও বিজেপি নেতৃত্ব। সবরকমভাবে আহতদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
