
সবং: মোরগ লড়াইয়ে যাওয়া নিয়ে বচসা। সেই বচসা থেকে চরম পরিণতি। কাঠের বাটাম দিয়ে আঘাত করার জেরে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম কল্পনা কোরা সিং (৪৫)। সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের পানিথর গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গোবিন্দ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ডেবরার পাঁচগেড়িয়া এলাকার বাসিন্দা। মহিলাকে কাঠের বাটাম দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মোরগ লড়াইয়ে যাওয়ার পর মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন গোবিন্দ। সেই সময় মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন কল্পনাদেবী। মোরগ লড়াইয়ে যাওয়া নিয়ে দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে সেই বচসা চরমে উঠলে হাতের কাছে থাকা কাঠের বাটাম দিয়ে গোবিন্দ কল্পনাদেবীকে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় কল্পনাদেবীকে উদ্ধার করে সবং হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত মহিলা অভিযুক্তের দিদির ননদ। দিদির বাড়িতেই বেশ কয়েক বছর ধরে রয়েছেন অভিযুক্ত। মৃতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট করে উত্তর দেননি গোবিন্দ। মৃত মহিলাকে একবার নিজের ‘সাঙ্গ’ বলে উল্লেখ করেন। তারপর বলেন, মৃত মহিলা তাঁর দিদির ননদ। কিন্তু, দিদির ননদকে মারলেন কেন তিনি? প্রশ্নের জবাবে গোবিন্দ বলেন, “এখানে আমার দিদির বাড়ি। তিন বছর ধরে এখানে আছি। একটু ঝগড়াঝাটি করতে গিয়ে হয়ে গিয়েছে। আমার দিদির ননদ। বাটাম দিয়ে মেরেছি।”