
খণ্ডঘোষ: ভোটের প্রচারে প্রার্থীদের নানা রকম জনসংযোগমূলক উদ্যোগ নতুন কিছু নয়। কখনো রান্না করা,কখনো ঘুটে তৈরি,আবার কখনো জমির কাজে অংশ নেওয়ার মতো দৃশ্য আগেও দেখা গিয়েছে। এবার সেই ধারাতেই খণ্ডঘোষ বিধানসভায় অভিনব ছবি সামনে এল।
খণ্ডঘোষের বিজেপি প্রার্থী গৌতম ধাড়া প্রচারে বেরিয়ে সরাসরি রাজমিস্ত্রির কাজে হাত লাগালেন। রবিবার তিনি সগড়াই অঞ্চলের বিভিন্ন বুথে প্রচার করছিলেন। প্রচারের মাঝেই একটি বাড়ি তৈরির কাজ চলতে দেখেন। সঙ্গে-সঙ্গে সেখানে থেমে যান তিনি। কুর্নিশ তুলে নিয়ে নির্মাণকাজে অংশগ্রহণ করেন।
প্রচারের ফাঁকেই তিনি জানান,”আমি এসসি সম্প্রদায়ের গরিব পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই খেটে খাওয়া আমার অভ্যাস। কোদাল চালানো থেকে শুরু করে নানা ধরনের কাজ করতে পারি,সব সময় কাজের মধ্যেই থাকতে ভালোবাসি।” তিনি আরও বলেন,”আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। “মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকব।” এই বার্তাও দিতে দেখা গিয়েছে তাঁকে।
তিনি প্রার্থী দাবি করেন, তাঁকে স্বয়ং নরেন্দ্র মোদি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই ১০০ শতাংশ খণ্ডঘোষ বিধানসভা জয়লাভ করবেন বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।
রবিবার প্রচারের অংশ হিসেবে তিনি বিভিন্ন মন্দিরে যান। সেখানে গিয়ে আশীর্বাদও প্রার্থনা করেন। কখনো পায়ে হেঁটে, আবার কখনো গাড়িতে চড়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন এবং তাঁদের সমর্থন চাইছেন। নির্বাচন যত এগোচ্ছে, ততই খণ্ডঘোষ বিধানসভায় প্রচারের চিত্র হয়ে উঠছে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময়।