
গলসি: অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নিজের সোনার চেন খুলে দিলেন বিজেপি বিধায়ক। বন্ধক রাখলেন ব্যাঙ্কে। নজির গড়লেন রাজু পাত্র। ঋণের বোঝায় জর্জরিত পরিবার মাথার উপর থেকে ছাদ হারাতে বসেছিলেন। শেষ আশ্রয়টুকুও চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। বন্ধ হওয়ার মুখে ছেলেমেয়েদের পড়াশোনাও। এমনই অসহায় পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমানের গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র।
পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত বেলান গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা সমর পাল ও তাঁর স্ত্রী মধুমিতার মাথায় ছিল বিপুল ঋণের বোঝা। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁদের সংসার। নিজের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতে ২০১৬ সালে একটি ঋণদানকারী সংস্থা থেকে ৬ লক্ষ ৪৮ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে আর্থিক অনটনের কারণে ঋণের টাকা শোধ করা সম্ভব হয়নি। এরই মধ্যে আচমকা কাজ বন্ধ হয়ে যাওয়ায় আরও বিপাকে পড়েন সমরবাবু। সংসার চালানোই কঠিন হয়ে ওঠে। তার উপর চেপে বসে ঋণের বোঝা।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, মাঝপথে বন্ধ হয়ে যায় মেয়ে সুজাতা পালের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা। একাদশ শ্রেণির ছাত্র ছেলে সুপ্রিয় পালের টিউশন ফি দেওয়ার সামর্থ্যও হারান সমরবাবু। এর মধ্যেই আদালতের নির্দেশে বাড়ির দখল নেওয়ার প্রস্তুতি শুরু করে ঋণদানকারী সংস্থা। ফলে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারানোর আশঙ্কা দেখা দেয় পরিবারে। কী করবেন, কোথায় যাবেন, বুঝে উঠতে পারছিলেন না তাঁরা।
শেষ পর্যন্ত কোনও উপায় না দেখে পরিবারের সদস্যদের নিয়ে গলসীর বিধায়ক রাজু পাত্রের দ্বারস্থ হন সমর পাল। নিজেদের দুরবস্থার কথা বিস্তারিতভাবে জানান তাঁরা। যদিও বেলান গ্রাম খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত, তবুও বিধায়ক তাঁদের ফিরিয়ে দেননি। বরং দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন।
রাজু পাত্র জানান, বিধায়ক ভাতার টাকা হাতে পেতে আরও প্রায় ১০ দিন দেরি রয়েছে। কিন্তু বিপন্ন পরিবারের হাতে সময় খুব কম ছিল। তাই অপেক্ষা না করে নিজের গলার সোনার চেন বন্ধক রাখার সিদ্ধান্ত নেন তিনি। সেই টাকা থেকেই এক লক্ষ টাকার একটি চেক তুলে দেন সমর পালের পরিবারের হাতে। পাশাপাশি, আইন মেনে কীভাবে বাড়িটি রক্ষা করা সম্ভব, তা খতিয়ে দেখার জন্য স্থানীয় থানার কাছেও আবেদন জানিয়েছেন বিধায়ক।
শুধু আর্থিক সাহায্য করেই দায়িত্ব শেষ করতে চান না রাজু পাত্র। সমর পালের ছেলে ও মেয়ের পড়াশোনা যাতে ফের স্বাভাবিকভাবে শুরু করা যায়, তার ব্যবস্থাও করার আশ্বাস দিয়েছেন তিনি।
বিপদের দিনে জনপ্রতিনিধির এভাবে পাশে দাঁড়ানোয় আবেগ ধরে রাখতে পারেননি সমর পাল ও তাঁর স্ত্রী। বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, চরম দুশ্চিন্তার সময়ে এই সাহায্য তাঁদের নতুন করে আশার আলো দেখিয়েছে।