
বর্ধমান: বর্ধমান স্টেশনে ধুন্ধুমার। রেল সুরক্ষা বাহিনীর সঙ্গে তৃতীয় লিঙ্গের সদস্যদের একাংশের ঝামেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফের সঙ্গে বচসা শুরু হয় তৃতীয় লিঙ্গের সদস্যদের। তারপর তাঁরা আরপিএফের তাড়া খেয়ে স্টেশনের প্লাটফর্মের বাইরে চলে যান। কিন্তু তারপরেই তাঁরা পাল্টা হামলা করেন বলে অভিযোগ। প্লাটফর্মের বাইরে আরপিএফের কর্মীরা তৃতীয় লিঙ্গের সদস্যদের আক্রমণের মুখে পড়েন। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
আরপিএফের দাবি, তাঁদের ৫ জন কর্মী তৃতীয় লিঙ্গের সদস্যদের মারে জখম হয়।
তৃতীয় লিঙ্গের সদস্যদের অভিযোগ. আরপিএফ বিনা কারণে তাদের কাজে বাধা দিচ্ছে ও মারধর করছে। তাদের ট্রেনে ও প্লাটফর্মে কাজ করতে গেলে আরপিএফ প্রতিনিয়ত অত্যাচার করছে বলে দাবি তৃতীয় লিঙ্গের সদস্যদের।
বর্ধমান স্টেশনের আরপিএফ ইনস্পেকটর আশিস কুমার সরকার জানান, মঙ্গলবার বর্ধমান স্টেশনের প্লাটফর্মে স্পেশাল অভিযান চালানো হয় আরপিএফের পক্ষ থেকে ।কারণ বেশ কয়েকদিন ধরেই বারে বারে সাধারণ ট্রেন যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। চলন্ত ট্রেনের কামরায় তৃতীয় লিঙ্গের সদস্যরা সাধারণ ট্রেন যাত্রীদের টাকা আদায় করছে জোরপূর্বক। টাকা দিতে অস্বীকার করলে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি পর্যন্ত করা হচ্ছিল বলে অভিযোগ আসে ট্রেন যাত্রীদের কাছ থেকে।
প্রায় শ’দেড়েক তৃতীয় লিঙ্গের সদস্য আরপিএফের অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। বেশ খানিকক্ষণ বিক্ষোভ চলার পর তৃতীয় লিঙ্গের সদস্যরা
শেষ পর্যন্ত আরপিএফের অফিসের সামনে থেকে সরে যায়। কাউকে গ্রেফতার করা হয়নি।