
কালনা: দলীয় নেতা-কর্মীদের ২৪ ঘণ্টা স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জেলায় জেলায় সতর্ক তৃণমূলের নেতা-কর্মীরা। এই পরিস্থিতিতে কালনায় ২ মিনিটের জন্য স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ থাকা নিয়ে শোরগোল পড়ল। ২ মিনিট স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ শুনে ছুটে এলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। অভিযোগ জানালেন নির্বাচন কমিশনকে। বললেন, দু’মিনিটেই অনেক কিছু হতে পারে। তাই আজ থেকে তিনি রাত পাহারা দেবেন।
কালনা কলেজে চারটি বিধানসভার স্টং রুম করা হয়েছে। কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ। গতকাল সন্ধ্যা ছটা বাজতে পাঁচে, দু’মিনিট সিসিটিভি বন্ধ ছিল। দলের ভলান্টিয়ার্স মারফত খবর পেয়ে ছুটে আসেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। পুলিশের কাছে জানতে চান, কেন ২ মিনিট সিসি ক্যামেরা বন্ধ ছিল? পুলিশকে তিনি বলেন, “বড় চুরি-ডাকাতি তো এক সেকেন্ডেই হয়। এর জন্য ১০-২০ মিনিট লাগে না। এক সেকেন্ডই কেন বন্ধ হবে?” পরে তিনি জানান, আজ থেকে তিনি কালনায় রাত পাহারায় থাকবেন।
কী বলছে বিজেপি?
তৃণমূলকে খোঁচা দিয়ে কালনার BJP প্রার্থী সিদ্ধাথ মজুমদার বলেন, “যদি এটা কালকে সন্ধেবেলায় হয়, এত পরে কেন এলেন উনি? তখনই আসতেন। হঠাৎ ঘুম ভেঙে মনে হল এমন কিছু হতে পারে। উনি আজকে এসেছেন, কারণ, গতকাল রাতে মমতা স্ট্রং রুমে ছিলেন। তারপর প্রার্থীদের ফোন করেন। মমতা প্রার্থীদের নির্দেশ দিয়েছেন, অজুহাত খোঁজ। কেন হারছি? সেই জন্য স্বপন দেবনাথ আজকে এসেছেন অজুহাত খুঁজতে। এসে বলে গেলেন, এতে গন্ডগোল হতে পারে। তবে মানুষ বলছে, কালনায় বিজেপি জিততে চলেছে।”