
বর্ধমান: নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করেছিল ছেলে। তাই স্বপ্নপূরণে ২.৩০ কোটির বিএমডব্লিউ (BMW) উপহার বাবার। নবম শ্রেণির অর্ধ-বার্ষিক (হাফ-ইয়ার্লি) পরীক্ষায় ভালো ফল করেছে ছেলে। আর সেই সাফল্যকে স্মরণীয় করে রাখতে ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন বাবা। উপহার দিলেন প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ এম৪ কমপিটিশন। পূর্ব বর্ধমানের গলসির পারাজের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যার এই উপহার ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
জানা গিয়েছে, বিলাসবহুল গাড়ির প্রতি সামসুদ্দিনের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুণ্ডাই আলকাজারের মতো একাধিক নামী সংস্থার গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হল বিএমডব্লিউ এম৪ কমপিটিশন। তবে নতুন এই গাড়ি কেনার পিছনে রয়েছে ছেলে মহম্মদ তালহার দীর্ঘদিনের ইচ্ছা।
বিএমডব্লিউ এম৪ কমপিটিশন চালানোর স্বপ্ন ছিল তাঁর। নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলের সেই স্বপ্নই পূরণ করলেন বাবা। পছন্দের গাড়িটি কিনতে তাঁকে সুদূর মুম্বইয়ে যেতে হয়েছে। সামসুদ্দিন জানান, গাড়িটি কিনতে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর বক্তব্য, তিনিই কিনিয়েছেন, তাই কিনতে পেরেছেন।
গাড়ির পাশাপাশি নম্বরের প্রতিও বিশেষ পছন্দ রয়েছে সামসুদ্দিনের। তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫। বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও মিলে যায় সেই সংখ্যা। তবে বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশেও দাঁড়ান এই ব্যবসায়ী। অনেক সময় প্রচারের আড়ালে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।
অন্যদিকে, বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি ছেলে মহম্মদ তালহা। তবে এখনই গাড়ি চালানোর দিকে মন দিতে চায় না সে। তার কথায়, আপাতত পড়াশোনাতেই মনোযোগ দিতে চায়। সপ্তাহে একদিন গাড়িতে চড়বে। সেদিন গাড়ি চালাবেন বাবা, আর সে পাশে বসে উপভোগ করবে সেই যাত্রা। ছেলের সাফল্যকে কেন্দ্র করে বাবার এই অভিনব উপহার এখন গলসির আলোচনার বিষয়। সামসুদ্দিন বলেন, “ও পড়াশোনায় খুব ভাল। আমার কাছে আবদার করেছিল। যা করেছেন সব আল্লাহ।”