
বর্ধমান: তোলাবাজি ও হুমকির অভিযোগ। বিহার থেকে পুলিশের জালে ধরা পড়েছে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক খোকন দাস। আর প্রাক্তন এই তৃণমূল নেতার গ্রেফতারির খবর সামনে আসতেই উচ্ছ্বাসের ছবি বর্ধমান দক্ষিণে। লাড্ডু বিতরণ করল বিজেপি। আবার রাস্তায় ডিজে বাজিয়ে চলল ‘খোকন চোর’ গান। সেই গানে কোমর দোলালেন মহিলারাও।
খোকন দাসের বিরুদ্ধে মানুষের অনেকদিন ধরেই ক্ষোভ ছিল। বিধানসভা ভোটে তিনি হারতেই উচ্ছ্বাস দেখা যায়। এবার তোলাবাজি ও হুমকির অভিযোগে পুলিশ প্রাক্তন এই বিধায়ককে গ্রেফতার করে। বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতারির খবর সামনে আসতেই তাঁর বাড়ি কাঞ্চননগরে উল্লাসে মেতে ওঠেন স্থানীয়দের একাংশ। রবিবার এলাকায় বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাঁদের।
স্থানীয় বাসিন্দারা ‘খোকন চোর’ গান বাজিয়ে নাচে মেতে ওঠেন। ছিলেন মহিলারাও। এলাকায় স্লোগানও দিতে শোনা যায়। ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চননগরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন।
স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবেই এই উল্লাস।
এদিকে, খোকন দাস গ্রেফতার হওয়ার পর বর্ধমানের কার্জনগেট চত্বরে উল্লাসে মাতেন বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা। রবিবার বিকেলে জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পিন্টু সামের নেতৃত্বে কর্মীরা বিজেপির পতাকা হাতে মিছিল করেন এবং গেরুয়া আবির মেখে আনন্দ উদযাপন করেন। বিজেপি কর্মীরা পথচলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্থানীয় বিজেপি নেতা পিন্টু সাম বলেন, “খোকন দাসের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ ছিল। তোলাবাজি করতেন। মানুষ তাঁর গ্রেফতারিতে খুশি।”