
কালনা: বেশ কয়েকদিন ধরেই নজর রাখছিল প্রশাসন। আগেও বেশ কয়েক সতর্ক করা হয়েছিল। তবুও সতর্ক হননি বাসিন্দারা। এবার বড় পদক্ষেপের পথে পুরসভা। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়ি। আর তাতেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। শহরবাসীর নিরাপত্তায় এবার নড়েচড়ে বসল কালনা পুরসভা। শহরের বিভিন্ন এলাকায় প্রাথমিকভাবে ৯টি বিপজ্জনক ও জরাজীর্ণ ভবন চিহ্নিত করে নোটিস টাঙানোর কাজ শুরু করল পুর কর্তৃপক্ষ।
পুরসভার নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে বাড়ির মালিকদের নিজেদের উদ্যোগে বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে হবে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে হোল্ডিং নম্বর অনুযায়ী ফের ব্যক্তিগতভাবে নোটিস পাঠানো হবে। প্রয়োজনে আইন মেনে কঠোর পদক্ষেপও করা হবে বলে জানিয়েছে পুরসভা।
পুর কর্তৃপক্ষের মতে, বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই ভবনগুলি ভেঙে পড়লে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই বড়সড় বিপর্যয় ঘটার আগেই সতর্কতামূলক পদক্ষেপ।
কালনা পুরসভা তৃণমূলের ভাইস চেয়ারম্যান তপন পোরেল বলেন, “কালনা তো এমনিই পুরনো শহর। এখানে বেশ কয়েকটি পুরনো বাড়ি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সত্যিই দুশ্চিন্তায় থাকি। মালিকপক্ষদের নোটিস দিয়েছি। ৯টি বিল্ডিংকে চিহ্নিত করেছে। মেজ কালী মায়ের মন্দিরের পাশে বাড়ি। সেখানে মহিষ মর্দিনী পুজোর সময়ে প্রচুর ভিড় হয়। তারপর আইনানুগ ব্যবস্থা নেব, যদি না ভাঙে।”