
বর্ধমান: হঠাৎই স্কুলে হাজির মন্ত্রী। রীতিমতো হকচকিয়ে গেল পড়ুয়ারা। কিন্তু কোনও পরিদর্শন নয়, ক্লাসে ঢুকে চক হাতে ব্ল্যাক বোর্ডে ক্লাস করালেন মন্ত্রী। সবকিছুর মাঝেও তিনি ভোলেননি নিজের পুরনো পরিচয়। তাই ব্যস্ততার মাঝেও ফিরে গেলেন পুরনো অভ্যাসে।
মন্ত্রিত্বের ব্যস্ততা, প্রশাসনিক কাজের চাপ- সবকিছুর মাঝেও ভোলেননি নিজের পুরনো পরিচয়। শিক্ষকতা যে তাঁর কাছে শুধুমাত্র পেশা নয়, বরং ভালোবাসা, তা আরও একবার প্রমাণ করলেন রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু।
বর্ধমান শহরের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বাংলা বিষয়ের শিক্ষকতা করেছেন তিনি। বৃহস্পতিবার বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। জেলা প্রশাসনের কর্মসূচি ও অন্যান্য ব্যস্ততার মাঝেই কিছুটা সময় বের করে পৌঁছে যান নিজের সেই কর্মস্থল বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে।
সেখানে গিয়েই নিজের নির্ধারিত ক্লাসে ছাত্রছাত্রীদের ক্লাসও নিলেন তিনি। শুধু পড়াশোনা নয়, পড়ুয়াদের সঙ্গে চলে নানা বিষয়ে আলোচনা, গল্প এবং মতবিনিময়। মন্ত্রী হওয়ার পর তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কথাও ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। প্রিয় শিক্ষককে মন্ত্রী হিসেবে নয়, আবারও পুরনো শিক্ষকের ভূমিকায় সামনে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা।