Katwa Crime News: প্রাক্তন প্রেমিককে চড় মেরেছিলেন, মাশুল গুনতে হল নাবালিকাকে

Katwa minor gang physical assault case: বুধবার রাতে ওই নাবালিকাকে অভিযুক্ত প্রাক্তন প্রেমিক ও তার সঙ্গীরা জোরপূর্বক তুলে নিয়ে যায় একটি জনশূন্য ইটভাটায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা সংজ্ঞাহীন অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে সরাসরি কাটোয়া থানায় নিয়ে যায়।

Katwa Crime News: প্রাক্তন প্রেমিককে চড় মেরেছিলেন, মাশুল গুনতে হল নাবালিকাকে
নির্যাতিতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 16, 2026 | 4:07 PM

কাটোয়া: প্রাক্তন প্রেমিককে চড় মারার ‘বদলা’ নিতে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। বুধবার রাতে কাটোয়া থানা এলাকার একটি ইটভাটা চত্বরে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্তে নেমে তৎপরতার সঙ্গে ১ জন নাবালক-সহ মোট ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই নাবালিকাকে অভিযুক্ত প্রাক্তন প্রেমিক ও তার সঙ্গীরা জোরপূর্বক তুলে নিয়ে যায় একটি জনশূন্য ইটভাটায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা সংজ্ঞাহীন অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে সরাসরি কাটোয়া থানায় নিয়ে যায়। জ্ঞান ফেরার পর নাবালিকা পুরো ঘটনার কথা জানায়।

নাবালিকার পরিবারের বয়ান অনুযায়ী, কিছু সময় আগে ওই প্রাক্তন প্রেমিকের সঙ্গে নাবালিকার বিবাদ হয়েছিল এবং সে তাকে একটি চড় মারে। সেই অপমানের প্রতিশোধ নিতেই বন্ধুদের ডেকে আনে অভিযুক্ত যুবক।

পুলিশি তৎপরতা ও গ্রেফতার

নাবালিকার পরিবারের পক্ষ থেকে বুধবার গভীর রাতে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্রই অভিযানে নামে পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত-সহ সাতজনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে।

আইনি পদক্ষেপ

 বৃহস্পতিবার গ্রেফতার হওয়া ছয় প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে কাটোয়া মহকুমার বিশেষ পকসো  আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাঁদের ৫ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছে। অন্যদিকে, ধৃত নাবালক অভিযুক্তকে বর্ধমান জেলা জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের পরিবারের দাবি, তাঁরা এই বিষয়ে কিছুই জানতেন না। বর্তমানে নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

Follow Us