
পূর্ব বর্ধমান: বেলপাতা পাড়তে উঠেই প্রথম নজরে পড়েছিল। প্রথমটায় ঠাওর করতে পারেননি। কারণ একটু আগেই তো সেই মেয়েকে পাড়ার কালী মণ্ডপের বাইরে খেলতে দেখেছিলেন, সেই কিনা এইভাবে! সঙ্গে সঙ্গেই জোর চিৎকার! আট বছরের নাবালিকার সঙ্গে হওয়া ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকলেন বৃদ্ধ। যেদিন সকালে রায়গঞ্জে হল এনকাউন্টার, সেই সন্ধ্যাতেই ভাতারে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। চাঞ্চল্য পূর্ব বর্ধমানের ভাতারে। পাড়ার কালীমন্দিরের সামনে থেকে আট বছরের এক শিশুকে তুলে নিয়ে গিয়ে মাঠের মধ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে বছর এক যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে ভাতার থানার একটি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ার কালীমন্দিরের সামনে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় তাকে মাঠের মাঝের একটি বাগানে নিয়ে যায় পাড়ারই বাসিন্দা এক যুবক। সেখানে বেলপাতা পাড়তে গিয়ে ঘটনাটি দেখতে পান নাবালিকার পাড়া-সম্পর্কের এক দাদু। তাঁর তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
অসুস্থ অবস্থায় নাবালিকাকে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নির্যাতিতার বাবা দিনমজুর। শিশুটির পাড়া-সম্পর্কের দাদু জানান, মাঠের মাঝের বাগানে বেলপাতা পাড়তে গিয়ে তাঁর চোখে পড়ে, অভিযুক্ত শিশুটির উপর নির্যাতন চালাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে উদ্ধার করে কালীমন্দিরের সামনে নিয়ে আসেন এবং পরিবার ও প্রতিবেশীদের বিষয়টি জানান।
নাবালিকার ঠাকুমার কথায়, সময়মতো ওই প্রতিবেশীর নজরে না পড়লে বড় বিপদ ঘটে যেতে পারত। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, নারী ও শিশুদের উপর অপরাধের ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যেই রায়গঞ্জে এনকাউন্টারের ঘটনা সোমবার সামনে এসেছে। সেই আবহে ভাতারে ফের আট বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, সোমবার সকালে রায়গঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার করা হয়।