
কালনা: বাংলায় এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কালনা মহকুমায় তাঁত শিল্পীদের সঙ্গে বিশেষ বৈঠকে আজ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কালনার আশ্রম পাড়ায় কালনা বিধানসভার তাঁত শিল্পীদের নিয়ে একটি সভায় যোগদেন তিনি। এছাড়াও তাঁত শিল্পীদের সঙ্গে কথা বলেন।
শুধু তাই নয়, তাঁত বোনা শেখার পাশাপাশি শিল্পীদের বিভিন্ন দুরবস্থা ও তাঁদের অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একই সঙ্গে পাশাপাশি বেশ কয়েকজন শিল্পীর হাতে মাতৃশক্তি কার্ড তুলে দেওয়া হবে। তাঁত শিল্পীদের সঙ্গে একটি সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্যে তাঁত শিল্পীদের দুরবস্থা ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসে।
এক তাঁত শিল্পী বলেন, “আমাদের তাঁত শিল্পীদের অবস্থা খুবই খারাপ। অথচ এখানকার তাঁত ছিল বিখ্যাত। তাঁত শিল্পীরা রোজগারের আশায় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। এখন তাঁতের বাজার নেই। কাজ নেই। সেই কারণে সকলে বাইরে চলে যাচ্ছেন।” আরও এক তাঁত শিল্পী বলেন, “আমাদের একটি কার্ড দিলেন অর্থমন্ত্রী। এখন জানি না সেই কার্ডে কী হবে। ম্যাডাম বলেছেন টাকা পয়সা যদি একটু বাড়ায় তাহলে ভালই হবে।” অপরদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বলেন, “তাঁত শিল্পীদের সুবিধায় কোনও কাজ করেনি এই সরকার। ওদের কেউ দেখছেন না। আর চা বাগানে গরিব মানুষদের জন্য মোদীজী টাকা দিচ্ছেন। অসম সরকার এই টাকা নিজেদের রাজ্যে নিয়ে যাচ্ছে। যার জন্য সুবিধা হচ্ছে। কিন্তু তৃণমূল করছে না। আসলে ওরা চায় না গরিব মানুষ ভাল থাকুন।”