Potato Farmers: এক বিঘে জমিতে এমনিই লাগে ২৫-৩০ হাজার টাকা, এবার মাথায় বাজ ভেঙে পড়ল আলুচাষিদের

Burdwan : চাষিদের আশঙ্কা, জমির জল না নামলে বীজ পচে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন করে বীজ রোপণ করতে হবে। অন্যদিকে, যে জমিগুলি আলু চাষের জন্য প্রস্তুত করা হয়েছিল, সেখানে জল জমে যাওয়ায় চাষের কাজও পিছিয়ে যাচ্ছে।

Potato Farmers: এক বিঘে জমিতে এমনিই লাগে ২৫-৩০ হাজার টাকা, এবার মাথায় বাজ ভেঙে পড়ল আলুচাষিদের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 21, 2026 | 2:08 PM

বর্ধমান: টানা বৃষ্টিতে জলের তলায় আলুর জমি। ফের বীজ রোপণের আশঙ্কা! বাড়তি খরচের ধাক্কায় দিশেহারা পূর্ব বর্ধমানের চাষিরা। কিছু জমিতে আমন ধান ঘরে তোলার পর আলু চাষের প্রস্তুতি শুরু করেছিলেন চাষিরা। কোথাও জমি তৈরি, কোথাও আবার ইতিমধ্যেই রোপণ করা হয়ে গিয়েছে আলুর বীজ। কিন্তু মরশুমের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত পূর্ব বর্ধমানের আলুচাষিদের।

লাগাতার বৃষ্টিতে জেলার বিস্তীর্ণ এলাকার আলুর জমি এখন কার্যত জলের তলায়। ফলে সদ্য রোপণ করা আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড়, গাংপুর-সহ বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই পোকরাজ প্রজাতির আলুর বীজ রোপণ করেছেন চাষিরা। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে থাকায় বিপাকে তাঁরা।

চাষিদের আশঙ্কা, জমির জল না নামলে বীজ পচে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন করে বীজ রোপণ করতে হবে। অন্যদিকে, যে জমিগুলি আলু চাষের জন্য প্রস্তুত করা হয়েছিল, সেখানে জল জমে যাওয়ায় চাষের কাজও পিছিয়ে যাচ্ছে।

চাষিদের হিসেব বলছে, এক বিঘে জমিতে আলু চাষ করতে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। নতুন করে বীজ রোপণ করতে হলে সেই খরচ অনেকটাই বেড়ে যাবে। এমনিতেই গত কয়েক বছর ধরে অতিরিক্ত উৎপাদনের জেরে হিমঘরে আলু মজুত রয়েছে। বাজারে দাম না থাকায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। তার উপর মরশুমের শুরুতেই বৃষ্টির এই বিপর্যয় তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে আলু চাষের মরশুমে প্রকৃতির খামখেয়ালিপনায় নতুন করে আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন পূর্ব বর্ধমানের কৃষকরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us