Burdwan: টাকা চোট নয়, ফোনে চেনা নম্বর থেকে আসছে মেসেজ! ক্লিক করলেই যা হচ্ছে…ফাঁদে পা দিয়েছেন তাবড় নেতারাও

RTO CHALAN.apk Scam: এই সাইবার হামলার শিকার হয়েছেন গুসকরা শহরের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিজেপি-র গুসকরা নগর কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত ঘোষের মোবাইলে হঠাৎই এক বুথ সভাপতি নম্বর থেকে আরটিও চালানের একটি 'apk' ফাইল আসে। সরকারি চালান ভেবে তিনি ফাইলটিতে হাত দিতেই তাঁর ফোনটি সম্পূর্ণ হ্যাক হয়ে যায়।

Burdwan: টাকা চোট নয়, ফোনে চেনা নম্বর থেকে আসছে মেসেজ! ক্লিক করলেই যা হচ্ছে...ফাঁদে পা দিয়েছেন তাবড় নেতারাও
প্রতারিতরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 13, 2026 | 7:34 PM

 বর্ধমান: ​মোবাইলে চেনা নম্বর থেকে এল মেসেজ ‘RTO CHALAN.apk’,ভাবলেন গাড়ির কোনো ট্র্যাফিক ফাইন? ভুলেও কৌতূহলী হয়ে হাত দেবেন না সেই ফাইলে! একটিমাত্র ক্লিক, চোখের নিমেষেই আপনার ফোনের গোটা ডিজিটাল জীবন চলে যাবে সাইবার হ্যাকারদের হাতে।

একটি ভুয়ো চালানের লিঙ্ক আর তাতেই সর্বস্বান্ত হওয়ার জোগাড়। পূর্ব বর্ধমান জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে সাইবার প্রতারকদের মারাত্মক জাল। হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে ‘RTO CHALAN.apk’ নামের একটি ফাইল। গাড়ি সংক্রান্ত কোনও জরিমানা হয়েছে ভেবে না বুঝে তাতে ক্লিক করলেই নিমেষের মধ্যে মোবাইল ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের হাতে।

ফোনে থাকা হোয়াটসঅ্যাপ, ব্যাঙ্কিং অ্যাপ থেকে শুরু করে ব্যক্তিগত ছবি ও গোপন নথি মুহূর্তেই সব ক্লোন করে হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। তবে বিপদ শুধু সেখানেই থেমে থাকছে না। আক্রান্ত ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে সেই বিষাক্ত ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রুপে। ফলে লাফিয়ে বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা।

সম্প্রতি এই সাইবার হামলার শিকার হয়েছেন গুসকরা শহরের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিজেপি-র গুসকরা নগর কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত ঘোষের মোবাইলে হঠাৎই এক বুথ সভাপতি নম্বর থেকে আরটিও চালানের একটি ‘apk’ ফাইল আসে। সরকারি চালান ভেবে তিনি ফাইলটিতে হাত দিতেই তাঁর ফোনটি সম্পূর্ণ হ্যাক হয়ে যায়। একইভাবে প্রতারণার শিকার হয়েছেন গুসকরা নগরের সভাপতি দেবযানী গড়াইও। তাঁর অভিযোগ, কেবল ফোন ক্লোন করাই নয়, তাঁর নম্বর ব্যবহার করে অচেনা জায়গায় ফোন করা হচ্ছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ষতিকর মেসেজ পাঠানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে,এটি প্রতারকদের একটি নতুন ছক। মূলত সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বা রাজনৈতিক নেতাদের নিশানা বানাচ্ছে। তাঁদের ফোন হ্যাক করে সেই পরিচিত নম্বর থেকে গ্রুপগুলিতে লিঙ্ক পাঠালে সাধারণ মানুষ বা দলীয় কর্মীরা কোনও সন্দেহ ছাড়াই ফাইলে ক্লিক করেন এবং সহজেই অন্যের ফোন হ্যাক করা সম্ভব। ফলে অনায়াসেই তৈরি হচ্ছে একের পর এক নতুন চেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us